বর্তমানে দেশে আইনের শাসন ব্যর্থ হয়ে গেছে। সরকার আইন ব্যবস্থাকে পুরো দলীয়করণ করে ফেলেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সহ সভাপতি আব্দুল্লাহ আল নোমান।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী বন্ধু দল আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ও ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় তিনি এ অভিযোগ করেন।

‘রমজান মাসে কোনো দ্রব্যের দাম বাড়বে না, বাড়তে দেয়া যাবে না’ সরকারের মন্ত্রীদের এমন বক্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, ‘বাজারে গেলে দেখা যায় নিত্যপণ্যের দাম মধ্যবিত্তের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। তাই সরকারে মন্ত্রী-এমপিদের এ ধরনের কথা শোভা পায় না।’

ছিটমহল চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, আর ছিটমহলবাসী ২০১৫ সালে স্বাধীনতা লাভ করে। এটা তাদের জন্য অনেক প্রাপ্তির বিষয়।’

আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘হুমকি-ধামকি দিয়ে ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থনের কথা বলে বাংলাদেশে কোনো রাজনীতি করা যাবে না।’ জনগণ আর আওয়ামী লীগের সাথে নেই, তারা একটি সুষ্ঠু নির্বাচন চায়।

তিনি বলেন, আমাদের দলের অনেক কর্মীকে পাওয়া যাচ্ছেনা। তারা গুম হল নাকি অন্য কিছু হয়েছে তাদের সেটাও আমরা জানিনা। এছাড়া আমাদের হাজার হাজার নেতাকর্মী জেলে রয়েছে। তাদেরকে অন্যায়ভাবে জেলে রেখেছে সরকার বলেও অভিযোগ করেন তিনি।

বর্তমানে ইতিহাস বিকৃতির চেষ্টা চলছে অভিযোগ করে নোমান বলেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। এই ইতিহাসকে বিকৃতির চেষ্টা চলছে। কিন্তু ইতিহাসের এই বিকৃতি সাময়িক। ইতিহাস তার নিজস্ব গতিতেই চলবে।

আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শরীফ মোস্তফাজামান লিটুর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান প্রমূখ।

 

 

এমএ