বুধবার (২৮ অক্টোবর) বিকেলে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের বিচারের দাবিতে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে শফিকুল ইসলাম মাসুদ বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর দেশের ইতিহাসে একটি কলঙ্কিত দিন। তাঁর অভিযোগ, ওই দিন বায়তুল মোকাররমের উত্তর গেটে জামায়াতের সমাবেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা লগি-বৈঠা নিয়ে হামলা চালিয়েছিলেন।
তিনি দাবি করেন, ওই ঘটনায় সারা দেশে ৫৪ জন এবং রাজধানীতে ১৪ জন নেতাকর্মী নিহত হন। এত রক্তপাতের পরও জামায়াতের কর্মসূচি বন্ধ করা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই গণ-অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে জামায়াতের এই নেতা বলেন, যাঁরা একসময় জামায়াতকে নিশ্চিহ্ন করার কথা বলেছিলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে তাঁরাই দেশ ছেড়ে পালিয়েছেন। তাঁর বক্তব্যে বায়তুল মোকাররমের তৎকালীন খতিব ও ইমামের দেশত্যাগের বিষয়টিও উঠে আসে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করে শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, একটি রাজনৈতিক পক্ষ অল্প সময়ের মধ্যেই আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের মতো আচরণ করার চেষ্টা করছে। জামায়াতের ওপর হামলা কিংবা দলটির কর্মসূচি বানচালের চেষ্টা করলে সংশ্লিষ্টদের পরিণতি আরও খারাপ হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনায় জড়িত ব্যক্তিদের ফাঁসি এবং বিগত সাড়ে ১৫ বছরে সংঘটিত রাজনৈতিক হত্যাকাণ্ডগুলোর দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে জামায়াতের মেয়র প্রার্থী ও ডাকসুর ভিপি আবু সাদিক কায়েমসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা বক্তব্য দেন।
এস















