'বিএনপি চেয়ারপারসন জামায়াতের আমির' প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন বলেছেন,বিএনপি নেত্রী জামায়াতের আমির হলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পার্টির নেত্রী।
শুক্রবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বর্তমান মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এসব কথা বলেন।
‘খালেদা জিয়া জামায়াতের আমির’ প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে রিপন বলেন, জামায়াতের সঙ্গে বিএনপির আদর্শগত বিস্তর ফারাক রয়েছে। তাদের নিজস্ব কর্মপদ্ধতি আছে। তাদের সঙ্গে আমাদের জোট হলো ভোটের রাজনীতির। তাতে যদি বিএনপি নেত্রী জামায়াতের আমির হন তাহলে প্রধানমন্ত্রী জাতীয় পার্টির (জাপা) নেত্রী। কারণ এরশাদ নির্বাচনে না যাওয়ার ঘোষণা দেয়ার পরও তার দলকে নির্বাচনে বাধ্য করাসহ সিএমএইচে নিয়ে গলফ খেলার সুযোগ করে দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রীই।
রিপন বলেন, আজ নবম সংসদের মেয়াদ শেষ হচ্ছে। সংবিধান অনুযায়ী ২৫ জানুয়ারি দশম সংসদের এমপিদের শপথ নেয়ার কথা,কিন্তু আগেই তাদের শপথ নিয়ে যে গেজেট প্রকাশ করা হয়েছে তা অবৈধ। আমরা এটাকে বৈধ প্রক্রিয়া বলে মনে করি না। এছাড়া দশম সংসদ নির্বাচনকে জনগণ স্বীকৃতি দেয়নি।
নির্বাচনে না যাওয়া বিএনপির ভুল সিদ্ধান্ত ছিল কিনা তা যথাসময়ে প্রমাণ হবে বলেও মন্তব্য করেন তিনি। অবিলম্বে সংলাপ ও সমঝোতার মাধ্যমে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা।
সংখ্যালঘু নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এর জন্য দায়ীদের খুঁজে বের করে শাস্তি দাবি করেন রিপন। একই সঙ্গে প্রয়োজনে জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে তদন্ত কমিশন গঠনেরও দাবি করেন তিনি।
ঢাকা, ২৪ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এফএ