শিক্ষার মৌলিক লক্ষ্য আজ পদদলিত বলে মন্তব্য অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে ‘বর্তমান শিক্ষাব্যবস্থা ও আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক দিনব্যাপী সেমিনারের সমাপনী অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির চেয়ারপারসন বলেন, ‘আত্মতুষ্টির কারণে পাশের হার বাড়িয়ে আমাদের শিক্ষার মানের ক্রমাবনতি ঘটেছে। এ অবস্থা কাটিয়ে উঠতে না পারলে আগামী দিনে আমাদের অগ্রযাত্রা ব্যাহত হবে। আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ব।’

তিনি আরও বলেন বিএনপি সরকার ক্ষমতায় এলে এমন শিক্ষানীতি বর্জন করা হবে। শনিবার সকাল দশটায় এই সেমিনার শুরু হয়। প্রথম সেশনে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ঘরানার বুদ্ধিজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ। ওই সেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সেশনে সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর সভাপতিত্ব করার কথা থাকলেও তিনি অসুস্থ থাকায় আসতে পারেন নি। দ্বিতীয় সেশনে সভাপতি হিসেবে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

পুরো সেমিনারে শিক্ষাব্যবস্থা নিয়ে পাঁচটি প্রবন্ধ পাঠ হয়। এই নিবন্ধগুলো উপস্থাপন করেন, ড. মাহবুব উল্লাহ, ড. আ ফ ম ইউসূফ হায়দার, ড. সিরাজুল ইসলাম, ড. সিদ্দিকুর রহমান ও ড. সাব্বির মোস্তফা।

সেমিনারে ৪টি অধিবেশনে (১) প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা, (২) শিক্ষার বিভিন্ন ধারা, (৩) উচ্চ ও প্রাগ্রসর শিক্ষা, (৪) বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা বিষয়গুলোর ওপর দেশের বিশিষ্ট শিক্ষাবিদরা আলোচনায় অংশগ্রহণ করেন। সেমিনার সঞ্চালনা করেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক এবিএম ওবায়দুল ইসলাম। এ অনুষ্ঠানে সারা দেশে বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের প্রায় ৩০০ শিক্ষককে আমন্ত্রণ জানানো হয়েছে।
জেড