১৩ থেকে ১৫ আগস্ট নীলফামারীর সৈয়দপুরে জেলা ও মহানগরীর দায়িত্বশীলদের নিয়ে এ শিক্ষাশিবিরের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার বলেন, সংগঠন পরিচালনা ও দেশের বর্তমান পরিস্থিতি মোকাবিলায় বাহ্যিক ও অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জ অতিক্রম করতে হবে।

তিনি বলেন, সর্বাগ্রে আল্লাহর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে হবে। পাশাপাশি জ্ঞান ও প্রজ্ঞায় নিজেদের সমৃদ্ধ করে আদর্শের চর্চা ও উত্তম আচরণের মাধ্যমে নেতৃত্বের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীলদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে জামায়াতের এই নেতা বলেন, মানুষের সমস্যা উপলব্ধি করে জনকল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। যেকোনো মতপার্থক্য মোকাবিলায় সহনশীলতা ও হিকমত অবলম্বন করাও জরুরি।

১১ দলীয় ঐক্যের কর্মসূচির প্রসঙ্গে মিয়া গোলাম পরওয়ার বলেন, বর্তমান সরকার জনগণের গণভোটের রায় বাস্তবায়নে যে অনাগ্রহ দেখাচ্ছে, তার প্রতিবাদ এবং জনগণের দাবি আদায়ে ১১ দল রোডমার্চসহ আগামী নভেম্বরে ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি দিয়েছে। এসব কর্মসূচি সফল করতে স্থানীয় অন্যান্য দলের সঙ্গে যথাযথ সমন্বয়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

একই সঙ্গে পরিবার সুরক্ষা ও পরিবার গঠনের দিকেও দায়িত্বশীলদের বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান জামায়াত সেক্রেটারি জেনারেল।

শিক্ষাশিবিরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেন, সংগঠনের মেজাজ ও পরিবেশ রক্ষায় দায়িত্বশীলদের ব্যক্তিগত ও সাংগঠনিকভাবে সতর্ক থাকতে হবে। পরস্পরের দোষ-ত্রুটি জনসমক্ষে প্রকাশ না করে ব্যক্তিগতভাবে সংশোধনের চেষ্টা এবং নিজেদের অহংকারমুক্ত রাখার আহ্বান জানান তিনি।

সভাপতির বক্তব্যে রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবদুল হালিম বলেন, তিন দিনের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও শিক্ষা নিজ নিজ এলাকায় কাজে লাগিয়ে সংগঠনকে আরও মজবুত, গতিশীল ও গণমুখী করতে হবে।

শিক্ষাশিবিরে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল এমপি, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক শিবির সভাপতি মো. দেলওয়ার হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

শিক্ষাশিবিরে কুরআন-হাদীস অনুশীলন, নিয়মিত বই পাঠ ও বিষয়ভিত্তিক গ্রুপ আলোচনা অনুষ্ঠিত হয়। নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপির নেতৃত্বে জেলা জামায়াত শিক্ষাশিবিরটির সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে।

এস