খাগড়াছড়ি পৌরসভা নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম ও মাটিরাঙ্গায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী শামছুল হকের সমর্থকরা ভোটারদের হুমকি ধমকি দিচ্ছে এবং বিএনপি নেতাকর্মীদের ৩০ তারিখ ভোটের দিন পর্যন্ত এলাকার বাইরে থাকতে বলেছেন বলে মন্তব্য করেছেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয়ে পৌর নির্বাচন মনিটরিং সেল এ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনে বলা হয়, খাগড়াছড়ি পৌর মেয়র পার্শ্ববর্তী এলাকা ও অন্য জেলা থেকে লোকজন এনে পানখাইয়া পাড়ার শানু মং মারমার পুরাতন বাড়িসহ আশপাশের এলাকায় জড়ো করছেন।

এছাড়া খাগড়াছড়ি ও মাটিরাঙ্গায় ধানের শীষের পক্ষে এজেন্ট না হওয়ার জন্য ইতিমধ্যে প্রস্তুতকৃত তালিকা অনুযায়ী ভয়ভীতি দেখাচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

এদিকে, জেলা বিএনপির সিনিয়রসহ সভাপতি ও নির্বাচন মনিটরিং সেলের প্রধান সমন্বয়কারী প্রবীণ চন্দ্র চাকমা স্বাক্ষরিত একটি অভিযোগপত্র প্রধান নির্বাচন কমিশনারের কাছে জমা দেয়া হয়েছে।

অভিযোগপত্রে খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা পৌরসভার বিএনপির প্রার্থী, কর্মী-সমর্থককে ভয়ভীতি প্রদর্শন এবং কেন্দ্র দখলের পরিকল্পনার ৬টি অভিযোগ দাখিল করা হয়।

এসএইচ