সরকারের সঙ্গে কোনও সমাঝোতা হয়নি জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, ‘বিএনপি সমঝোতা করে না। সমঝোতা করলে মিথ্যা মামলায় কারাবন্দি বেগম খালেদা জিয়া আজ দেশের প্রধানমন্ত্রী থাকতেন।’
সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘অনেক মিডিয়া আমার শপথের বিষয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে। আমি কোনও চিঠি দেই নাই। সময়ও চাই নাই। আমার শপথ না নেয়াও দলের একটা কৌশল মনে করতে পারেন।’
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ‘আওয়াজ’ নামের একটি মানবাধিকার সংগঠন আয়োজিত “উন্নয়নের মৃত্যুকূপে জনজীবন/নুশরাত একটি প্রতিবাদ” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আওয়াজ এর সভাপতি ও বিএনপি ভাইস চেয়ারম্যান বেগম সেলিনা রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
এছাড়াও বক্তব্য রাখেন, আওয়াজ এর সাধারণ সম্পাদক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিক, সৈয়দ ফাতেমা সালাম, আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ, অধ্যক্ষ রফিকা আফরোজ প্রমুখ।
মির্জা ফখরুল বলেন, ভোট ডাকাতির একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জনগণের ক্ষোভের ধারাবাহিকতায় আমাদের দলীয় সিদ্ধান্ত ছিলো আমরা সংসদে শপথ নিবো না। আমাদের মনে রাখতে হবে রাজনীতিতে কোন সিদ্ধান্তই স্থায়ী নয়। সংসদে কথা বলার ক্ষুদ্রতম সুযোগটা কাজে লাগানোর জন্য আমাদের দল থেকে নির্বাচিতরা শপথ নিয়েছেন।
তিনি বলেন, আমাদের একটা বিশ্বাস ছিলো নির্বাচন কমিশনসহ সেনাবাহিনী একটা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। কিন্তু তাদের ভূমিকা জনগণকে হতাশ করেছে।
বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রের প্রতিটা যায়গা থেকে যখন আমাদের কথা বলার সুযোগ বন্ধ হয়ে গেছে তখন আমরা এই ন্যূনতম সুযোগ নিয়েছি। সময় বলে দিবে সিদ্ধান্ত সঠিক ছিলো কিনা। আমার বিশ্বাস আমরা সময়ের বিবেচনায় বাস্তবতাকে উপলব্ধি করে সঠিক সিদ্ধান্ত নিয়েছি।
এএস





