আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘বিএনপির কর্মসূচি নিয়ে আওয়ামী লীগের কোনো মাথাব্যথা নেই।’

আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।

হানিফ বলেন, ‘ছাত্রসংগঠন হোক আর শ্রমিক সংগঠন; কোথাও যদি কোনো ঘটনা-দুর্ঘটনা ঘটে, সেই ঘটনাকে কেন্দ্র করে বিএনপি সব সময় উসকানি দেওয়ার চেষ্টা করে।

কারণ, বিএনপির নিজস্ব রাজনৈতিকভাবে কোনো দায়িত্ব পালন করার এখন আর ক্ষমতা নেই, তাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন করারও কোনো সুযোগ নেই, জনগণের কাছে যাওয়ারও কোনো সুযোগ নেই।’ তিনি আরো বলেন, ‘এইগুলোকে উসকানি দিয়ে বিএনপি রাজনৈতিকভাবে আরো দেউলিয়া প্রমাণ করেছে।’

হানিফ বলেন, ‘ছোটখাট ইস্যুতে বিএনপি উস্কানি দিচ্ছে। নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলনেও বিএনপি সরকারের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে। আসলে এমন উস্কানি দিয়ে তাদের কোনো লাভ নেই।

নিজেদের ক্ষমতা না থাকলে উস্কানি দিয়ে কোনো লাভ নেই। এসব উস্কানি দিয়ে বিএনপি রাজনৈতিকভাবে আরও দেউলিয়াত্বের প্রমাণ দিচ্ছে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘মির্জা ফখরুলের যদি ন্যূনতম লজ্জাবোধ থাকতো তাহলে এতিমের টাকা আত্মসাতের অভিযোগে নেত্রী দণ্ডিত হওয়ার কারণে দল থেকে বহু আগেই পদত্যাগ করতেন।

অথবা দুর্নীতির কারণে দল থেকে দুর্নীতিবাজ খালেদা জিয়াকে অপসারণ করা উচিত ছিল। তা না করে বিএনপি সব সময় তাদের অপকর্ম ঢাকতে সরকারের ওপর দায় চাপানোর চেষ্টা করছে।’

দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সুস্থতা প্রসঙ্গে হানিফ বলেন, ‘ওপেন হার্ট সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।’ আগামী দু-এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে তিনি দেশে ফিরবেন বলেও আশা করেন তিনি।

এএস