বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, জনবিচ্ছিন্ন হয়ে এ সরকার যৌথ অভিযানের নামে সারা দেশে খুন, গুম ও নির্যাতন চালাচ্ছে। নির্বাচনের দিন ২২ জন বিএনপি নেতা-কর্মী গুম হয়েছেন।
আজ সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত গণসমাবেশ এ কথা বলেন তিনি।
আওয়ামী লীগ সরকারকে অবৈধ মন্তব্য করে তিনি বলেন, এ সরকার জনগণকে ভয় পায়। তাই নির্বাচন ছাড়াই ১৫৩ জনকে বিজয়ী ঘোষণা করেছে। অথচ এ সরকার নিজেদের জনগণের সরকার বলে। নির্লজ্জ এ সরকারকে জনগণ দেখতে চায়না।
এর আগে বিকাল ৪টা ৫ মিনিটে তিনি মঞ্চে এসে উপস্থিত হন। এ সময় সমাবেশে উপস্থিত হাজার হাজার নেতাকর্মীরা বেগম জিয়াকে করতালির মাধ্যমে অভিনন্দন জানান। বেগম খালেদা জিয়া মঞ্চে এসে দুহাত নেড়ে অভিনন্দনের জবাব দেন।
এর আগে নির্ধারিত সময়ের ১০ মিনিট পর দুপুর ২টা ১০মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশে কার্যক্রম শুরু করে বিএনপি।
১৮ দলীয় শীর্ষ নেতৃবৃন্দের মধ্যেও কয়েকজন মঞ্চে বক্তব্য রেখেছেন। গণসমাবেশের শুরুতে জাতীয়তাবাদী উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক কোরআন তেলাওয়াত করেন।