ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার সমর্থকদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এসময় তিনি আরো বলেন, তার (নুর) ওপর কেনওপর বারবার হামলার বিষয় খতিয়ে দেখা হবে।

আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসার মিলনায়তনে সোভিয়েত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেকদিন পর ডাকসু নির্বাচন হয়েছে। ডাকসুর নেতৃত্বে আসেছে নুরুল হক নুর। তাই আমরা মনে করি ডাকসুকে ধরে রাখতে হবে। ভবিষ্যত রাজনীতিক এখান থেকে উঠে আসে। আমরা যেভাবে উঠে এসেছি। সেই জায়গা থেকে নেতাদের শূন্যতা আমরা দেখতে চাই না। ‘সেজন্য ডাকসু প্রতিনিধিরা যেন সুন্দরভাবে সুশৃঙ্খল রাজনীতি করে সেটা আমরা প্রত্যাশা করবো।’

বিশিষ্টজনেরা বলছেন, নুর এ পর্যন্ত ৯ বার হামলার শিকার হয়েছেন। শুরু থেকে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলে এর পুনরাবৃত্তি হতো না- এমন এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ৯ বার না দুইবার সেটা আমরা জানি না। কিন্তু আমার প্রশ্ন হলো- তার ওপর হামলা হবে কেন?

‘আমি যা বলতে চাচ্ছি, আইন-শৃঙ্খলা বাহিনী কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে না। ইউনিভার্সিটির যখন প্রয়োজন হয় প্রক্টর কিংবা ভিসি যদি অনুমতি দেন কিংবা অনুরোধ করেন তখনই তারা প্রবেশ করে। কাজেই আইন-শৃঙ্খলা বাহিনীর চেয়ে সেখানে এ ধরনের ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনই কার্যকর ভূমিকা পালন করেন।’

সাংবাদিকদের অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখন পর্যন্ত যতটুকু দেখেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন সঠিক আছে বলেই আমার কাছে মনে হয়। এ ঘটনায় মামলা হয়েছে আপনারা জানেন। ইতোমধ্যে কয়েকজনকে ধরা হয়েছে। এদের মধ্যে যারা অভিযুক্ত কিংবা যারা প্রমাণযুক্ত হয়েছে এবং যাদের ঘটনায় দেখা গেছে তাদের অবশ্যই ধরা হবে।

এমএম