মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে তারেক রহমান যে মিথ্যা বক্তব্য দিয়েছেন অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বিএনএফ এর স্থায়ী কমিটির প্রেসিডেন্ট এস এম আবুল কালাম আজাদ।
শনিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স  ইউনিটির(ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সমসাময়িক রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন।
আবুল কালাম বলেন, তারেক রহমান ব্যর্থ রাজনীতিবিদ। তিনি মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যা বক্তব্য দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে।
তিনি র‌্যাব সম্পর্কে বলেন, র‌্যাবকে বিলুপ্ত না করে সংস্কারের মাধ্যমে আরো শক্তিশালী সংগঠনে পরিণত করতে হবে। যারা র‌্যাবকে বিলুপ্ত করতে চায় তারা সন্ত্রাসী গডফাদার। সাধারণ লোক র‌্যাবকে ভয় পায়না। সন্ত্রাসী গডফাদাররাই র‌্যাবকে ভয় পায়।
তিনি মায়ানমার সীমান্ত সম্পর্কে সরকারকে উদ্দেশ করে বলেন, দেশের স্বার্থে মায়ানমার সীমান্তে আমাদের আরো শক্তি বাড়াতে হবে। যেকোনো হামলার পাল্টা জবাব দিতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধু প্রকৃত স্বাধীনতার ঘোষক। ৭ মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তার আন্দোলনের মাধ্যমে দেশ স্বাধীন হয়।
সংগঠনের আহ্বায়ক মাহজাবিন ওয়াহিদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম ইসলাম, কেন্দ্রীয় নেতা আবু হামিদুর রেজা খান ভাষানী, খান মজলিশ প্রমুখ।
[b]ঢাকা, ৩১ মে(টাইমনিউজবিডি.কম)//এনএস
[/b]