সাংসদপুত্র নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করেছে। গুলি করেও ক্ষমতার জোরে  সে আবার বলছে তার মায়ের হাত অনেক বড়, তাকে কেউ কিছু করতে পারবেনা। এতে বঝা যায় দেশে বর্তমানে চরম দুর্বৃত্তায়ন চলছে বলে মন্তব্য করেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে: জে: (অব:) মাহবুবুর রহমান বলেছেন।

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জিয়া পরিষদ আয়োজিত সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ‘‘শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান : বহুদলীয় গনতন্ত্র : সংবাদপত্রের স্বাধীনতা’’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লে: জে: (অব:) মাহবুবুর রহমান বলেন, আজকে দেশের সংকট হচ্ছে দুর্নীতি। এই সরকারের অনেক অর্জন আছে। অনেক ব্যর্থতাও আছে। তাদের সবচেয়ে বড় ব্যর্থতা হল দুর্নীতি রুখতে না পারা। দেশের সমস্থ সম্পদ দুর্নীতির মাধ্যমে অন্যদেশে নিয়ে যাবে এটা কখনই হতে পারেনা। আমরা এর প্রতিকার চাই। এসময় সেকেন্ড হোম রিতিরও সমালোচনা করেন তিনি।

তিনি বলেন, বাকশাল ঘটন করার পর দেশে সংবাদ পত্রের স্বাধীনতা ছিলনা। সব পত্রিকা বন্ধ করে মাত্র ৪ টি পত্রিকা ছিল। জিয়াউর রহমান সংবাদ পত্রের স্বাধীনতা নিশ্চিত করেছেন। তিনি তার গুন দিয়ে সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিলেন। অর্থনৈতিক, সামাজিকভাবে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। তিনি কখনও দুর্নীতি ও স্বজনপ্রীতি করেননি।

দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই উল্লেখ করে তিনি বলেন, বর্তমানে সাংবাদিকেরা সৈনিকের মত লড়াই করে যাচ্ছেন অনেক ঝুকি নিয়ে। প্রত্যেক সাংবাদিকরাই যে কোন সময় সাগর-রূনির মত পরিস্থিতির স্বীকার হতে পারে। তারপরেও তারা সৈনিকের মত লড়াই করে যাচ্ছেন।

নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর সম্পর্কে তিনি বলেন, তার সফরকে আমরা স্বাগত জানাই। বাংলাদেশের সাথে ভারতের সীমানা নিয়ে দীর্ঘদিনের যে সমস্যা ইতিপূর্বে অনেকেই এই সমস্যা সমাধানের জন্য চেষ্টা করেছে কিন্তু কেউই সফল হতে পারেনি। অবসেশে মোদি ক্ষমতায় এসে সেই সমস্যার সমাধান করতে পেরেছেন। তাই তাকে আমরা অভিনন্দন জানাই।

তিস্তা সমস্যা বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সমস্যা। এই সফরে এই সমস্যা সমাধান না হলেও আমরা আশায় বুক বেধে থাকবো যেন পরবর্তীতে এই সমস্যার সমাধান হয়। 

আয়োজক সংগঠনের সভাপতি কবীর মুরাদের সভাপতিত্বে গোলটেবিল আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সহকারী মহাসচিব আব্দুল্লাহ মাসুদ, ঢাকা মহানগরের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমূখ।

 

এমএ