ছাত্রলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সংগঠনের সাবেক সভাপতি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থনে ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচিত জনপ্রতিনিধি।

শনিবার (০৪ জানুয়ারি) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের পুনর্মিলনী অনুষ্ঠানে সুলতান মনসুরকে ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে পরিচয় করিয়ে দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

এছাড়াও মঞ্চে আছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জাতীয় পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম।

সুলতান মনসুর আহমেদ ১৯৮৬-১৯৮৮ মেয়াদে ছাত্রলীগের সভাপতি ছিলেন। এরপর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকও ছিলেন। এক-এগারোর সময় বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দল থেকে বাদ পড়েন।

এরপর তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের বিরোধিতা করে বক্তব্য রাখেন। সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের সমর্থনে মৌলভীবাজার-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এমবি