বিএনপির ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘এখনও দুঃশাসনের হুমকি প্রতিদিনই তারেক রহমানের ওপর বর্ষিত হচ্ছে। ক্ষমতা জবরদখলকারীরা অবিরাম কটূক্তি ও কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে গেলেও তারেক রহমানকে তার বিশ্বাস ও আদর্শ থেকে বিন্দুমাত্র টলানো যায়নি।’

বৃহস্পতিবার বিকেলে বিএনপির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত গণমমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে’ এ বিবৃতি পাঠানো হয়েছে।

বিবৃতিতে রিপন বলেন, ‘তৃণমূল পর্যায়ে তরুণ সমাজকে জাতীয়তাবাদী রাজনীতিতে উদ্বুদ্ধ করে উন্নয়ন ও উৎপাদনের মধ্যে যুক্ত করতে পারলে দেশের কল্যাণ সাধিত হবে। এ চিন্তার ধারক-বাহক হিসেবে তারেক রহমান গ্রাম থেকে গ্রামান্তরে ছুটে বেরিয়েছেন। তার এ প্রচেষ্টা সমাজে পিছিয়ে পড়া মানুষের মধ্যে জাতীয় উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে অংশীদারভাবার বোধ জাগ্রত হয়। তবে ১/১১ এর তথাকথিত মঈনউদ্দিন-ফখরুদ্দিনের সরকার তারেক রহমানকে নিঃশেষ করার জন্য মামলা, শারীরিক নির্যাতন থেকে শুরু করে চরিত্র হরণের অপচেষ্টা চালিয়ে তাকে হত্যোদম করতে চেয়েছিল। কিন্তু জনগণের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি জনগণের পাশে থাকতেই দৃঢ় প্রতিজ্ঞ হয়েছেন।’

বিবৃতিতে বলা হয়, যাদের আন্দোলনের ফসল ছিল ১/১১ সরকার, তারা ক্ষমতায় এসেই তারেকের বিরুদ্ধে নানামুখি চক্রান্তে আরও কয়েক ধাপ এগিয়ে যায়। মামলার পর মামলা দিয়ে তাকে পর্যুদস্তু করতে সর্বোচ্চ চেষ্টা চালায় আওয়ামী সরকার। তবুও তারেক রহমানের প্রত্যয়দৃঢ় বিশ্বাসকে তারা দুর্বল করতে পারেনি।

এতে আরো উল্লেখ করা হয়, বর্তমান মহাজোট সরকারের নির্যাতন, নিপীড়ন দুঃশাসনে দেশে আজ গণতন্ত্র মৃতপ্রায় পর্যায়ে উপনীত হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতাও আজ হুমকির মুখে। দেশের মানুষ এখন তারেক রহমানের নেতৃত্বে দেশে জনগণের ক্ষমতায়ন ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বপ্ন পূরণের অপেক্ষায়।

তারেক রহমানের ৫০তম জন্মবার্ষিকীতে তার প্রতি প্রাণঢালা শুভেচ্ছা জানান আসাদুজ্জামান রিপন। একই সঙ্গে তার আশু সুস্থতা, সুখী ও দীর্ঘজীবন কামনা করা হয়।

এমএইচ