বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সমাজ সেবামূলক সংগঠন ‘অনন্যা সোস্যাল ফাউন্ডেশন’ আয়োজিত ‘‌স্বাধীনতার বর্তমান প্রেক্ষাপট ও নতুন প্রজন্মের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় এ আহ্বান জানান তিনি।

বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার সমালোচনা করে ইকবাল সোবহান বলেন, দেশে এখন নতুন জঙ্গি ও মৌলবাদী গোষ্ঠী ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। আর তাদের নেতৃত্ব দিচ্ছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।

তিনি বলেন, গণতান্ত্রীক অধিকারের কথা বলে বিএনপি মানুষের জীবন-জীবিকার অধিকার থেকে বঞ্চিত করছে। রাজনীতির নামে চালাচ্ছে ধ্বংসযজ্ঞ ও নাশকতা। মানুষের অধিকার আদায়ের কথা বলে মানুষ পুড়িয়ে হত্যা করছে।

এসময় তিনি নতুন প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সময় এসেছে স্বাধীনতা বিরোধীদের চিহ্নিত করার। আর এ দায়িত্ব নিতে হবে নতুন প্রজন্মকে।

অনন্যা সোস্যাল ফাউন্ডেশনের চেয়ারম্যান মুজিবুর রহমান খোকনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাপ্তাহিক কালের ধারার সম্পাদক বাবু অশোক ধর, এডভোকেট এস আর সাহা প্রমুখ।

এমএ/এমকে