সরকার সুপরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার সকাল ১০টার দিকে 'বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন অভিযোগ করেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘর ও মন্দিরে হামলার নিন্দা জানিয়ে মির্জা ফখরুল প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
তিনি বলেন, কোথায়ও সংখ্যালঘুদের ওপর হামলা হলেই সরকার বিএনপিকে দোষারোপ করে। এটা আওয়ামী লীগের পুরনো অভ্যাস।
কক্সবাজারের রামুর হামলার ঘটনা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, আপনারা দেখেছেন অতীতেও দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এমন হামলা হয়েছে। সরকার কোনো তদন্ত না করে তাদের নিজের দোষ এবং লোকদের আড়াল করতে বিএনপিসহ বিরোধী অন্য দলকে দায়ী করেছে।
তিনি বলেন, দেশবাসী জানে, প্রমাণ হয়েছে এসব হামলার সঙ্গে সরকার দলের লোকেরা জড়িত। এসব করে সরকার সুপরিকল্পিতভাবে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করছে। বিদেশে বাংলাদেশকে খারাপভাবে উপস্থাপন করছে।
এসময় বিএনপি মহাসচিব ৭ নভেম্বর 'বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষে বিএনপিকে সমাবেশ করার অনুমতি না দেয়ার সমালোচনা করেন। তবে এখনও সমাবেশের অনুমতি পাবেন বলে আশা ব্যক্ত করেন ফখরুল।
তিনি বলেন, এ সরকার জনগণের নির্বাচিত নয় বলে গণতন্ত্রের প্রতি তাদের দায় নেই। তারা গণতন্ত্রকে শৃঙখলিত করেছে।
এআই





