আগামী বৃহস্পতিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় জাতীয় ঐক্যফ্রন্টকে সংলাপের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আমন্ত্রণ জানিয়েছে আওয়ামী লীগ।  

আজ (৩০ অক্টোবর) মঙ্গলবার সকালে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের রাজধানীর বেইলি রোডের বাসায় আমন্ত্রণের চিঠি পৌঁছে দিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ।  

জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির সদস্য ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু বিষয়টি নিশ্চিত করে জানান, সংলাপে ৭ দফা দাবিসহ অবাধ, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে বিভিন্ন বিষয় তুলে ধরবে জাতীয় ঐক্যফ্রন্ট।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বলেন, সংবিধানসম্মত আলোচনার জন্য সবসময় প্রস্তুত রয়েছে আওয়ামী লীগ। 

এর আগে গতকাল (২৯ অক্টোবর) সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসার বিষয়ে অন্য মন্ত্রিদের মতামত জানতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিসভার সদস্যদের মতামতের ভিত্তিতে সংলাপে বসার সিদ্ধান্ত দেন প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, গত (২৮ অক্টোবর) রোববার জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে অর্থবহ সংলাপের জন্য আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বরাবর চিঠি দেন ড. কামাল হোসেন। সেই চিঠির পরিপ্রেক্ষিতেই আলোচনায় বসার সিদ্ধান্ত হয়।

এমবি