একাত্তরের ঘাতকরা পঁচাত্তরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে যেভাবে হত্যা করেছে, এই হত্যাকান্ড পৃথিবীর জঘন্যতম ও নির্মম হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রবিবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের উদ্যোগে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে তথ্যমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যেই  সেদিন এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। স্বাধীনতার পর দেশে রাজনৈতিক, সাংস্কৃতিক ও গণতান্ত্রিক পরিবর্তনের যে ধারা শুরু হয়েছিল, এ হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেটিকে পরিবর্তন করে খুনিরা মনগড়া পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করতে চেয়েছিল। ’

তিনি আরও বলেন, ‘দেশকে সামরিকতন্ত্র, রাজাকারতন্ত্র, বিষবৃক্ষ বিএনপি ও জামায়াত এবং সাম্প্রদায়িকতার অভিশাপ থেকে উদ্ধারের চেষ্টা চলছে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

তথ্যমন্ত্রী বলেন, এ দেশের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক কোনো পথেই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ আশ্রয় হবেনা।

এই অনুষ্ঠানে আরও ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা ইশতাক হোসেন প্রমূখ।
এসএম