মাহফিলের কয়েক দিন আগে থেকেই ব্যাপক প্রস্তুতি ছিল সিলেট মহানগরীতে। আজহারীর আগমনকে মাহফিলের শেষ দিনে লক্ষাধিক শ্রোতার আগমন ঘটে। তবে মাহফিলের মঞ্চে উঠে পুরো আলোচনা শেষ করতে পারেননি বলে জানা গেছে। সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে মাহফিল শেষ করেছেন আজহারী।
সামাজিক মাধ্যম ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, মাওলানা মিজানুর রহমান আজহারী বয়ান করছিলেন। এ সময় উপস্থিত শ্রোতাদের কয়েকজন হট্টগোল করার চেষ্টা করেন। পুলিশ তাদের থামানোর চেষ্টা করেন। আজহারী তাদের কাছে অল্প কয়েক মিনিট সময়ে চেয়ে নিয়েছিলেন। তিনি মানুষকে ইসলামের দিকে আহ্বানের পদ্ধতি সম্পর্কে আলোচনা শুরু করতে গেলে আবারো হট্টগোল শোনা যায়। তখন আহজারী সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে মাহফিল শেষ করেন।
দোয়ার আগ মুহূর্তে আজহারী বলেন, ‘সিলেট আজকে কি করেছো, এটা মনে থাকবে’। এরপরই তিনি দোয়ার মাধ্যমে মাহফিল শেষ করেন।
সিলেট আজহারীর মাহফিলের কয়েক ঘণ্টা পেরিয়ে গেলেও সেখানে কি হয়েছিল তা এখানো স্পষ্ট জানা যায়নি। আজহারীর ব্যক্তিগত সহকারীর সঙ্গে এ বিষয়ে একাধিক বারবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া পাওয়া যায়নি।
এদিকে মাহফিলের ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে সামাজিক মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ বিষয়টিকে অনভিপ্রেত এবং দুঃখজনক বলে উল্লেখ করেছেন। অনেকে মাহফিলে সিলেটবাসীকে উদ্দেশ্য করে আজহারীর ‘তুমি’ সম্বোধনের বিষয়টিকে নিয়ে সমালোচনা করেছেন। অনেকে আবার ঘটনাটিকে সিলেটের জন্য লজ্জার বলে উল্লেখ করেছেন।
প্রসঙ্গত, ২০২০ সালে দেশ ছাড়ার পর পাঁচ বছর পর মাহফিলের মঞ্চে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী। শুক্রবার (২৭ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে দেশের মাহফিলের মঞ্চে দেখা যায় তাকে।
এর আগে ২০২০ সালের শুরুতে মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়ায় পাড়ি জমান মাওলানা মিজানুর রহমান আজহারী। ২০২০ সালের ২৯শে জানুয়ারি নিজের ফেসবুক আইডিতে লেখেন, 'পারিপার্শ্বিক কারণে এবং গবেষণার জন্য' তিনি আগামী মার্চ পর্যন্ত সব ওয়াজ মাহফিল বন্ধ রেখে মালয়েশিয়া যাচ্ছেন।
২০২০ সালে দেশ ছাড়ার পর গত চার বছর আর দেশে ফেরেননি মাওলানা মিজানুর রহমান আজহারী। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটলে ২ অক্টোরব দেশে ফেরেন তিনি। এক সপ্তাহ দেশে থেকে আবারো মালয়েশিয়ান যান। এবার ২৬ ডিসেম্বর দেশে ফিরে মাহফিলে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। দেশের প্রত্যেকটি বিভাগে মাহফিলে অংশ নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
এইচআর





