ফিলিস্তিনের গাজা উপত্যকার একটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরাইলের সামরিক বাহিনী। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছে।
হামালায় ক্ষতিগ্রস্থ হাসপাতালটির নাম আল-ওয়াফা। এখানে গুরুতর অসুস্থ কয়েকজন রোগী ভর্তি আছেন।
ঘটনার বর্ণনা দিয়ে হাসপাতালের পরিচালক বাসমান আল-আসি বার্তা সংস্থা এএফপিকে বলেন,"ইসরাইলি ট্যাংকগুলো হাসপাতাল লক্ষ্য করে গোলা নিক্ষেপ করেছে। গোলাগুলো কয়েকটি ফ্লোরে আঘাত করে। এতে কয়েকজন নার্স আহত হয়েছেন।"
পরিচালক আরো জানিয়েছেন, হামলার পর অসুস্থ রোগীদেরকে তারা অন্য কোনো হাসপাতালে স্থানান্তরিত করতে পারেননি। এছাড়া, বিভিন্ন জায়গায় ভারী গোলা বর্ষণ করছে ইসরাইলি বাহিনী।
আল-আসি বলেন "প্রত্যেক রোগীকে আলাদাভাবে সরিয়ে নিতে হবে, কারণ তারা নড়াচড়া করতে পারে না।"
উল্লেখ্য, গত ১০ দিনে ইসরাইলের হামলায় ২৪০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১,৭৭০ জন। সূত্র: প্রেসটিভি, এএফপি।
ঢাকা, ১৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) টিআই





