বাংলার নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস আজ। এই দিনে জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর এই দিনে দেশে সরকারিভাবে রোকেয়া দিবস পালন করা হয়। এ বছর বেগম রোকেয়ার ১৩৫ তম জন্ম ও ৮৩তম মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে।
বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ই ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। রক্ষণশীল মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে তিনি নারী জাগরণের অগ্রদূতের ভূমিকায় অবতীর্ণ হন। তিনি উনবিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক। ১৯৩২ সালের ৯ই ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এই দিবস উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে দিনব্যাপী সরকারি ও বেসরকারি পর্যায়ে দেশব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় রোকেয়া দিবস উপলক্ষে রাজধানীতে ‘বেগম রোকেয়া পদক ২০১৫’ প্রদান ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে পদক প্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেবেন। অনুষ্ঠানে সভা প্রধানের দায়িত্ব পালন করবেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। এ বছর রোকেয়া পদক-২০১৫ এর জন্য মনোনীত হয়েছেন মুক্তিযোদ্ধা ড. তাইবুন নাহার রশীদ এবং ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। রোকেয়া দিবস উপলক্ষে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী বাণীতে পদকপ্রাপ্ত এই দুই মহিয়সী নারীকে অভিনন্দন জানান এবং বেগম রোকেয়ার আদর্শে উজ্জীবিত হয়ে নারীসমাজকে আত্মোন্নয়নে ব্রতী হওয়ার আহ্বান জানান।
এছাড়াও বেগম রোকেয়া দিবস উপলক্ষে বাংলা একাডেমি আজ বিকাল ৪টায় একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া স্মরণে প্রবন্ধ পাঠ ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করছে। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। প্রবন্ধ উপস্থাপন করবেন লেখক-সাংবাদিক আবুল মোমেন। আলোচনায় অংশগ্রহণ করবেন গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. সোনিয়া নিশাত আমিন। সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।
অন্যদিকে দিবসটি উপলক্ষে আজ বিকাল ৩টায় রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের কনফারেন্স হলে বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
রংপুরে কর্মসূচি : বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা ও মিঠাপুকুর উপজেলা প্রশাসন যৌথভাবে আলোচনা সভাসহ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। দিনের শুরুতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজি হাসান আহমেদ সকাল ৯টায় বেগম রোকেয়া স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
দিবসটি উদযাপনের প্রথম দিন রয়েছে মিলাদমহফিল, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, রক্তের গ্রুপ পরীক্ষা এবং সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা। পাশাপাশি, প্রথম দিন থেকেই ঐতিহ্যবাহী রোকেয়া মেলারও উদ্বোধন করা হবে। এ ছাড়াও থাকছে বেগম রোকেয়ার ওপর মুক্ত আলোচনা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
এ ছাড়া উৎসবের দ্বিতীয় দিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের আবৃত্তি প্রতিযোগিতাসহ প্রামাণ্যচিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানের দ্বিতীয় দিন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষাা ও আইসিটি) তনিমা তাসমিনের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক একেএম নুরুননবী। এতে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করবেন জেলা পুলিশ সুপার আবদুর রাজ্জাক এবং স্থানীয় সরকারের উপপরিচালক সুলতানা পারভিন।
এমএইচ





