আজ সোমবার (৩১ আগস্ট) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত এ সভায় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রকাশিত ২৯টি দৈনিক পত্রিকার সম্পাদক অংশ নেন। এ সময় ওয়াদা সম্পাদক শফিকুল আলম কোষাধ্যক্ষ নির্বাচিত হন।

সভায় উপস্থিত সম্পাদকরা ন্যাশনাল এডিটরস কাউন্সিলের প্রস্তাবিত গঠনতন্ত্র কিছু সংশোধনীসহ অনুমোদন করেন। শফিক রেহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংবাদপত্রের স্বাধীনতা, পেশাগত মানোন্নয়ন এবং সম্পাদকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ উঠে আসে।

সভায় মাহমুদুর রহমান বলেন, ন্যাশনাল এডিটরস কাউন্সিলকে আরও বিস্তৃত পরিসরে নিয়ে যেতে চান তারা। স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে সম্পাদকদের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, সংগঠনটি প্রথম সাধারণ সভার মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে গঠনতন্ত্র অনুযায়ী যাত্রা শুরু করেছে। অতীতের সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আত্মসমালোচনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

যুগান্তর সম্পাদক আব্দুল হাই শিকদার বলেন, গত কয়েক বছরে দেশের সাংবাদিকতা নানা সংকটের মধ্য দিয়ে গেছে। সেই পরিস্থিতি থেকে উত্তরণে সত্যনিষ্ঠ ও প্রশ্নভিত্তিক সাংবাদিকতার চর্চা জরুরি।

তিনি সাংবাদিকতায় অবদানের জন্য কাজী নজরুল ইসলাম পদক প্রবর্তনের প্রস্তাব দেন। পরে সভায় সেই প্রস্তাব গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, ন্যাশনাল এডিটরস কাউন্সিল প্রতিবছর সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য নজরুল পদক প্রদান করবে।

পিপলস ভিউ সম্পাদক ওসমান গনি মনসুর সাংবাদিকতার পেশাগত মর্যাদা ও নিরপেক্ষতা রক্ষায় এনইসিকে ভূমিকা রাখার আহ্বান জানান।

ওয়াদা সম্পাদক ও নবনির্বাচিত কোষাধ্যক্ষ শফিকুল আলম বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে সম্পাদকদের জন্য একটি কার্যকর ও প্রতিনিধিত্বশীল প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল। এনইসিকে দেশের সব অঞ্চলের সম্পাদকদের কণ্ঠস্বর হিসেবে গড়ে তুলতে হবে।

সভাপতির বক্তব্যে শফিক রেহমান বলেন, দেশে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণতান্ত্রিকভাবে দেশকে এগিয়ে নিতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

তিনি সারা দেশের সম্পাদকদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সাধারণ সভায় নয়া দিগন্ত সম্পাদক সালাহ উদ্দিন মুহাম্মদ বাবর, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান, নিউ নেশন সম্পাদক মোকাররম হোসেন, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক লোটন একরাম, মানবকণ্ঠ সম্পাদক শহিদুল ইসলামসহ ঢাকাসহ বিভিন্ন অঞ্চলের দৈনিক পত্রিকার সম্পাদকরা অংশ নেন।

এছাড়া সভায় চট্টগ্রাম, যশোর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, নারায়ণগঞ্জ, খুলনা ও বরিশালসহ দেশের বিভিন্ন অঞ্চলের সম্পাদকরা মতামত তুলে ধরেন।

এস