সোমবার (৩১ আগস্ট) দেশটির প্রধান দুর্নীতিবিরোধী সংস্থা ঘুষ ও দুর্নীতির অভিযোগ তদন্ত কমিশন (সিআইএবিওসি) তার গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছে।
দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর তাকে সিআইএবিওসির হেফাজতে নেওয়া হয়।
সিআইএবিওসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানান, রবি করুনানায়েক জাতীয় লটারি বোর্ডের অর্থ থেকে তিন ব্যক্তির বেতন পরিশোধ করেছিলেন। তবে ওই তিন ব্যক্তি প্রকৃতপক্ষে তার ব্যক্তিগত কাজে নিয়োজিত ছিলেন।
এ ঘটনায় সরকারি অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়।
রবি করুনানায়েক শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সরকারের সদস্য ছিলেন। ২০২৪ সালে অনুঢ়া কুমারা দিসানায়েক প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর দেশটিতে দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় চলতি মাসের শুরুতে সাবেক মন্ত্রী কেহেলিয়া রামবুকওয়েলাকেও গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দেশটির শেষ সিংহলি রাজার রাজপ্রাসাদ থেকে শতবর্ষী একটি পবিত্র পাথর চুরিতে সহায়তার অভিযোগ রয়েছে।
২০২২ সালের এপ্রিলে শ্রীলঙ্কা ৪৬ বিলিয়ন মার্কিন ডলারের বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার পর দেশটিতে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দেয়। ওই সময় তীব্র ওষুধ সংকটও তৈরি হয়েছিল। রামবুকওয়েলা তখন দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে ছিলেন।
এদিকে, সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের পরিবারের কয়েকজন নিকটাত্মীয়ও বর্তমানে অর্থ পাচার, ঘুষ গ্রহণ ও হত্যাকাণ্ডের অভিযোগে তদন্ত বা বিচার প্রক্রিয়ার মুখোমুখি হচ্ছেন।
তবে রাজাপাকসে পরিবারের সদস্যরা তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন।
সূত্র: এএফপি
এস
















