সোমবার (৩ আগস্ট) ভোরে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে শাহ আলম হাওলাদারের বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে রাখা একটি বালুর বস্তা থেকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, মেয়ে ইতি এবং নাতি ফাহিম আগুনে দগ্ধ হন। বিস্ফোরণের পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে ভিড় করেন আশপাশের লোকজন।

আহতদের প্রথমে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতদের স্বজন জামাল হাওলাদার জানান, বিস্ফোরণের পর আহত তিনজনের শরীরে আগুন ধরে যায়। আগুন থেকে বাঁচতে তারা বাড়ির সামনের তুলাতলা নদীতে ঝাঁপ দেন। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তিনি বলেন, বালুর বস্তায় ওই বোমাসদৃশ বস্তু কীভাবে এলো, সে বিষয়ে পরিবারের কারও কোনো ধারণা নেই।

ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা পরিদর্শন করে এবং বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। আইনশৃঙ্খলা বাহিনী বিস্ফোরণের উৎস ও ব্যবহৃত বস্তুর ধরন শনাক্তে তদন্ত শুরু করেছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিস্ফোরকটির ধরন এবং এর পেছনে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।

এস