মিনিয়াপোলিস পুলিশের সার্জেন্ট গ্যারেট পার্টেন বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানান, আহত তিন পুলিশ কর্মকর্তার মধ্যে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনজনের অবস্থাই স্থিতিশীল।

পুলিশের তথ্য অনুযায়ী, নিহতদের একজন ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান। অপরজনকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়। সন্দেহভাজন হামলাকারীও পরে মারা গেছে বলে জানিয়েছে পুলিশ।

হেনেপিন হেলথকেয়ার মেডিকেল সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে, গুলির ঘটনায় মোট সাতজনকে কাছের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আহতদের সবার শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর মিনিয়াপোলিস পুলিশ স্থানীয় বাসিন্দাদের ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানান, স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে অঙ্গরাজ্যের কর্মকর্তারা ঘটনাস্থলে কাজ করছেন। তিনি ঘটনায় সাড়া দেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আহতদের জন্য প্রার্থনার আহ্বান জানান।

ঘটনার তদন্তে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সংস্থাটির পরিচালক কাশ প্যাটেল বলেন, স্থানীয় কর্তৃপক্ষের প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

মিনেসোটা হাউসের স্পিকার লিসা ডেমুথ ঘটনাটিকে ‘জঘন্য অপরাধ’ হিসেবে অভিহিত করে নিহত ও আহতদের প্রতি শোক ও সহমর্মিতা জানিয়েছেন। একই সঙ্গে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি মোকাবিলায় ভূমিকা রাখা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশংসা করেন তিনি।

এনএইচ