কাউন্সিলের সচিবের পদ থেকে মোহাম্মদ বাঘের জুলঘাদর পদত্যাগ করার পর তার স্থলাভিষিক্ত হয়েছেন ৭১ বছর বয়সী মোহসেন রেজাই।
প্রেসিডেন্টের কার্যালয়ের মুখপাত্র মেহদি তাবাতাবাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান।
মোহসেন রেজাই ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডসের (আইআরজিসি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার নেতৃত্বের দীর্ঘ সময়জুড়ে ইরান-ইরাক যুদ্ধ চলছিল।
আইআরজিসির দায়িত্ব ছাড়ার পর ইরানের রাজনীতি ও প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেন তিনি। পরবর্তী সময়ে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সামরিক উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন।
বর্তমান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালির কৌশলগত গুরুত্বের বিষয়েও একাধিকবার মন্তব্য করেছেন রেজাই।
গত জুলাইয়ে তিনি বলেছিলেন, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ‘ডজনখানেক পারমাণবিক বোমার চেয়েও গুরুত্বপূর্ণ’।
রেজাইয়ের আগে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব ছিলেন মোহাম্মদ বাঘের জুলঘাদর। তিনিও আইআরজিসির সাবেক কমান্ডার।
গত মার্চে তিনি কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। দায়িত্ব ছাড়ার পর এখন তাকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছে সর্বোচ্চ নেতার কার্যালয়।
নতুন এই নিয়োগের মধ্য দিয়ে ইরানের জাতীয় নিরাপত্তা কাঠামোর গুরুত্বপূর্ণ পদে আবারও আইআরজিসির অভিজ্ঞ নেতৃত্বের উপস্থিতি জোরালো হলো।
সূত্র: এএফপি
এস