দুই প্রধানমন্ত্রীর এই বৈঠককে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে অর্থনীতি, বাণিজ্য, শ্রমবাজার, শিক্ষা, প্রযুক্তি এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক নতুন গতি লাভ করেছে। বর্তমান বৈঠকে সেই সহযোগিতাকে আরও গভীর ও বহুমাত্রিক পর্যায়ে উন্নীত করার বিষয়ে গুরুত্বারোপ করা হচ্ছে।
একান্ত বৈঠকের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান পেরদানা পুত্রার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে দুই নেতা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
একান্ত বৈঠকের পরপরই দুই দেশের প্রতিনিধিদল নিয়ে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এতে বাংলাদেশ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজ নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

বাংলাদেশের প্রতিনিধিদলে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, অর্থ উপদেষ্টা রাশেদ মাহমুদ তিতুমীর, শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন, পররাষ্ট্র সচিব আসাদ আল সিয়ামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নীতিনির্ধারকরা।
পররাষ্ট্র সচিবের দেওয়া তথ্য অনুযায়ী, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি নিরাপত্তা ও সহযোগিতা, হালাল অর্থনীতির বিকাশ, দক্ষ জনশক্তি প্রেরণ, সেমিকন্ডাক্টর ও উচ্চপ্রযুক্তি শিল্পে অংশীদারত্ব, কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, দক্ষ জনশক্তি উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর শিল্পখাতে সহযোগিতা সম্প্রসারণ বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার মধ্যে অর্থনৈতিক সংযোগ জোরদার এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিয়ে দুই নেতা মতবিনিময় করবেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
বৈঠকে হালাল শিল্প ও ইসলামী অর্থনীতির সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে আলোচিত হবে। বৈশ্বিক হালাল বাজারে মালয়েশিয়ার অভিজ্ঞতা ও বাংলাদেশের উৎপাদন সক্ষমতাকে একত্রিত করে নতুন অর্থনৈতিক অংশীদারত্ব গড়ে তোলার বিষয়ে দুই দেশ আগ্রহী বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।
দ্বিপক্ষীয় বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এবং প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেবেন। সেখানে বৈঠকের ফলাফল, সম্ভাব্য সমঝোতা এবং ভবিষ্যৎ সহযোগিতার রূপরেখা তুলে ধরা হবে বলে আশা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আয়োজিত মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গী প্রতিনিধিদলের সদস্যরা।
মধ্যাহ্নভোজ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক পর্বে মালয়েশিয়ার খ্যাতিমান শিল্পীরা মালয় ও বাংলা ভাষায় সংগীত পরিবেশন করবেন। আয়োজকরা বলছেন, এই সাংস্কৃতিক আয়োজন দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও সাংস্কৃতিক সম্প্রীতির প্রতিফলন ঘটাবে।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রীর এই সফর বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ককে নতুন মাত্রা দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, শ্রমবাজার সম্প্রসারণ, প্রযুক্তি স্থানান্তর এবং বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জনের সুযোগ সৃষ্টি করবে। একই সঙ্গে এটি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই গুরুত্বপূর্ণ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে কৌশলগত অংশীদারত্ব আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এমএম