ঘটনাস্থল বোনারপাড়ার বিভিন্ন স্থানে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত ছাত্রশিবির কর্মী সালাউদ্দিনের অবস্থা সংকটাপন্ন হওয়ায় রোববার দিনগত রাত ১ টার পর ঢাকায় স্থানান্তর করা হয়েছে। সোমবার ভোরে ঢাকার কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানোর পর আরো ৩ ব্যাগ রক্ত দেওয়া হয়েছে তার শরীরে।

চিকিৎসকরা জানিয়েছেন, এখন পর্যন্ত সংকট কাটেনি সালাউদ্দিনের। তার শরীরের পিছনে পিঠের ডান অংশে ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখমের কারণে পরিস্থিতি এখনো সংকটাপন্ন। পিঠে চোটের অংশ ফুসফুসে আঘাত প্রাপ্ত হয়েছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। মোহাম্মদ সালাউদ্দিনের সুস্থতায় সকলের নিকট দোয়া চেয়েছেন তার বাবা মাওলানা দুদু মিয়া।

এদিকে শিবির কর্মী সাইফুল্লাহ বারীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রোববার রাতে সাঘাটায় উপজেলা ছাত্র শিবিরের ডাকে বিশাল বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে চৌমাথা মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইব্রাহিম হোসাইন বলেন, দিন দুপুরে যুবদল নেতা মুকুল সহ তার বাহিনীর হাতে এভাবে প্রকাশ্যে শিবির নেতা সাইফুল্লাহকে হত্যা ও সালাউদ্দিনকে আহত করা ঘটনায় মানুষ হতবাক হয়ে গেছে। দ্রুত সময়ের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করার দাবি জানান তিনি।

এমএম