প্লুম সিঙ্গাপুরে সোমবার (১০ আগস্ট) ‘দ্বিতীয় বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা-২০২৬ সিঙ্গাপুর’ অনুষ্ঠানে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৫-সিঙ্গাপুর’-এর সাফল্যের ধারাবাহিকতায় এবার দ্বিতীয়বারের মতো এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বৈধ পথে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখা প্রবাসীদের সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অভিবাসীদের সার্বিক সেবা ও সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে ইতিহাসে প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি ডেডিকেটেড ‘মাইগ্রেশন উইং’ খোলা হয়েছে। একজন মহাপরিচালকের (ডিজি) নেতৃত্বে এই উইং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সঙ্গে যৌথ ওয়ার্কিং গ্রুপ হিসেবে কাজ করছে। পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ, ভোকেশনাল শিক্ষা এবং থার্ড ল্যাঙ্গুয়েজ শিক্ষার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে।

সিঙ্গাপুর প্রবাসী এবং দেশটির ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, গত ১৭-১৮ বছরে দেশের অর্থনীতির ওপর দিয়ে অনেক ঝড়ঝাপ্টা গেছে। বর্তমান সরকার দেশে একটি স্বচ্ছ, দুর্নীতিমুক্ত এবং ‘ওয়ান স্টপ সার্ভিস’ যুক্ত বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করছে। আপনারা যারা বিদেশে প্রতিষ্ঠিত হয়েছেন, আপনারা কেবল রেমিট্যান্স প্রেরক না হয়ে বাংলাদেশে বিনিয়োগকারী ও উদ্যোক্তা হিসেবে ভূমিকা রাখুন। প্রবাসীদের বিনিয়োগ দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান তৈরিতে বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সিঙ্গাপুরে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশ্যে তিনি পাঁচটি বিশেষ অনুরোধ জানান— ১. হুন্ডি পরিহার করে সর্বদা বৈধ ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স পাঠানো। ২. সিঙ্গাপুরের আইন, বিধি-বিধান ও কর্মসংস্কৃতির প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা। ৩. সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দায়িত্বশীল হওয়া এবং যেকোনো উগ্রবাদ বা বিদ্বেষমূলক প্রচারণা থেকে বিরত থাকা। ৪. ভিন্ন ভাষা ও ধর্মের মানুষের প্রতি সম্মান প্রদর্শন করে পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা। ৫. নতুন প্রযুক্তি, কারিগরি বিদ্যা ও ভাষার দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদের প্রতিনিয়ত দক্ষ করে তোলা।

বক্তব্যে তিনি সিঙ্গাপুরে সম্প্রতি দেউলিয়া হওয়া তিনটি প্রতিষ্ঠানের ২০০ জন ক্ষতিগ্রস্ত বাংলাদেশি কর্মীর মধ্যে ১২৫ জনকে দ্রুততম সময়ে পুনর্বাসিত করায় সিঙ্গাপুরের মিনিস্ট্রি অব ম্যানপাওয়ারকে ধন্যবাদ জানান। এছাড়া বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সুদৃঢ় করার জন্য সিঙ্গাপুর প্রবাসী সব রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, ওয়ান ব্যাংক পিএলসির চেয়ারম্যান এ. এস. এম. শহীদুল্লাহ খান, ন্যাশনাল ব্যাংক পিএলসির চেয়ারম্যান ও আইবিএর অধ্যাপক ড. মেলিতা মেহজাবিন, প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান এবং থাকরাল ইনফরমেশন সিস্টেমস প্রাইভেট লিমিটেডের নির্বাহী পরিচালক বাসব বাগচি।

আয়োজকরা জানান, স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও মেধাভিত্তিক নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে পুরো নির্বাচন ও আমন্ত্রণ প্রক্রিয়া যৌথভাবে সমন্বয় ও চূড়ান্ত করেন অগ্রণী এক্সচেঞ্জ হাউস পিটিই লিমিটেডের সিইও ও এক্সিকিউটিভ ডিরেক্টর মোস্তাফিজুর রহমান, প্রাইম এক্সচেঞ্জ কোং পিটিই লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিইও মোহাম্মদ সামিউল্লাহ এবং এনবিএল মানি ট্রান্সফার পিটিই লিমিটেডের সিইও ও এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম।

দৃষ্টান্তমূলক রেমিট্যান্স প্রেরণের পাশাপাশি কমিউনিটি উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং দ্বিপাক্ষিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে চারটি সংগঠন ও দুইজন সিআইপিকেও সম্মাননা দেওয়া হয়।

সম্মাননা পাওয়া সংগঠনগুলো হলো—বাণিজ্য সংগঠন বাংলাদেশ বিজনেস চেম্বার সিঙ্গাপুর (বিবিসিএস), স্বেচ্ছাসেবী সংগঠন সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি (এসবিএস), মাইগ্রেন্ট মিউচুয়াল এইড এবং দ্য ওয়ান্ডারিং দরবেশ।

সিআইপি হিসেবে সম্মাননা পেয়েছেন বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের সভাপতি মো. সাহিদুজ্জামান এবং শীর্ষস্থানীয় রেমিট্যান্স প্রেরণকারী মাইন উদ্দিন।

সিঙ্গাপুরে সক্রিয় বাংলাদেশভিত্তিক ব্যাংকগুলোর আওতাধীন তিনটি শীর্ষস্থানীয় এক্সচেঞ্জ হাউস—অগ্রণী ব্যাংক পিএলসির অগ্রণী এক্সচেঞ্জ হাউস পিটিই লিমিটেড, ন্যাশনাল ব্যাংক পিএলসির ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি পিটিই লিমিটেড এবং প্রাইম ব্যাংক পিএলসির প্রাইম এক্সচেঞ্জ কোং পিটিই লিমিটেড—যৌথভাবে ৭৫ জন রেমিট্যান্স প্রেরণকারীকে এ সম্মাননার জন্য মনোনয়ন দেয়।

মনোনীতদের মধ্য থেকে প্রতিটি প্রতিষ্ঠান থেকে পাঁচজন করে মোট ১৫ জন প্রবাসীকে ‘বাংলাদেশ রেমিট্যান্স সম্মাননা ২০২৬’ দেওয়া হয়। বৈধ উপায়ে দেশে রেমিট্যান্স পাঠিয়ে অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

সম্মাননাপ্রাপ্তদের মধ্যে অগ্রণী এক্সচেঞ্জ হাউস পিটিই লিমিটেডের আবদুস ছাত্তার, মোহাম্মদ ফেরদৌস হোসেন, মো. আকরাম হোসেন, এস. এম. আরিফুর রহমান ও সায়মা আক্তার রয়েছেন।

প্রাইম এক্সচেঞ্জ কোং পিটিই লিমিটেডের পক্ষ থেকে সম্মাননা পেয়েছেন মোহাম্মদ রাশেদুর রহমান, শহীদুল ইসলাম, খোরশেদ আলম চৌধুরী, মো. সালেহ জোহা ও রিয়াদ সরকার।

এনবিএল মানি ট্রান্সফার পিটিই লিমিটেডের সম্মাননাপ্রাপ্তরা হলেন মো. রেজাউল করিম, নাজমুল আরেফিন, মো. ওমর ফারুক সবুজ, মো. বাবুল ও মোহাম্মদ জামিউল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। সিঙ্গাপুরে বসবাসরত বাংলাদেশী প্রবাসীদের কমিউনিটি উন্নয়ন, অর্থনৈতিক কর্মকাণ্ড ও দেশের সঙ্গে তাদের সংযোগ আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।

এস