সাড়ে তিন দশক পর প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচনে বৃহস্পতিবার দুপুর ২টায় ত্রয়োদশ জাতীয় সংসদে ভোটগ্রহণ শুরু হয়। মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী ছিলেন বিরোধী জোটের প্রার্থী ও এলডিপি সভাপতি অলি আহমদ।

ভোটগ্রহণের শুরুতে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান, রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র মন্ত্রী, বিরোধীদলীয় নেতা ও সংসদ সদস্যরা ভোট দেন।

তিন ঘণ্টা ভোটগ্রহণ শেষে বিকেল ৫টায় ভোট নেওয়া শেষ হয়। পরে প্রায় ২০ মিনিট ভোট গণনা শেষে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

নির্বাচনে মোট ৩৪৯ জন ভোটারের মধ্যে ৩৪৩টি বৈধ ভোট পড়ে। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পান ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী অলি আহমদ পান ৮৮ ভোট। অব্যবহৃত থাকে ছয়টি ব্যালট। বিভিন্ন ত্রুটির কারণে আইনানুগ প্রক্রিয়ায় চারটি ব্যালট প্রতিস্থাপন করা হয়।

ফল ঘোষণা শেষে সিইসি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনির্বাচিত রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানান। বিরোধীদলীয় নেতাসহ অন্য সংসদ সদস্যরাও তাকে অভিনন্দন জানান।

এরপর রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সই করা সরকারি গেজেট জারি করা হয়। এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়।

এস