শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

ডিএমপির ট্রাফিক মতিঝিল বিভাগ জানিয়েছে, শুক্রবার বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বঙ্গভবন ও আশপাশের কয়েকটি সড়কে যান চলাচলে নিয়ন্ত্রণ থাকবে। তবে শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের যানবাহন এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

শাপলা চত্বরের অ্যালিকো গ্যাপ থেকে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সব ধরনের যানবাহনের প্রবেশ বন্ধ থাকবে।

শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক-গুলিস্তানগামী বাসগুলোকে দৈনিক বাংলা–ইউবিএল–প্রেসক্লাব হয়ে চলাচল করতে বলা হয়েছে। প্রয়োজনে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে।

এ ছাড়া দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখে বাণিজ্যিক যানবাহন চলাচল করতে পারবে না।

হানিফ ফ্লাইওভার থেকে আসা যানবাহনগুলোকে জিরো পয়েন্টে ইউটার্ন না করার নির্দেশ দেওয়া হয়েছে। এসব যানবাহন বামে ফুলবাড়িয়া অথবা ডানে ইউবিএল ক্রসিং হয়ে বিকল্প রুটে চলাচল করবে।

ডিএমপি জানিয়েছে, বিশেষ এই ট্রাফিক ব্যবস্থাপনার কারণে সংশ্লিষ্ট সড়কগুলোতে সাময়িকভাবে যানজট বা চলাচলে বিঘ্ন ঘটতে পারে। তাই চালকদের নিয়ন্ত্রিত সড়ক এড়িয়ে বিকল্প পথ ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

এস