মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের রুদ্রপুর গ্রামে তার নিজস্ব মালিকাধীন শ্যামলছায়া পার্ক থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

এর আগে, ওই পার্কে সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালক অবস্থান করছেন এমন খবরে মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত পার্কটিকে অবরুদ্ধ করে রাখে উত্তেজিত ছাত্র-জনতা। পরে খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গ্রেফতার করে। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালক তাদের মালিকানাধীন শ্যামলছায়া পার্কে অবস্থান করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বেশকিছু নেতাকর্মীসহ বিপুলসংখ্যক জনতা পার্কটির প্রধান ফটক ঘিরে ফেলে।

এ সময় তারা ভেতরে ঢোকার চেষ্টা করেন। পরে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত ছাত্র-জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করেন।

স্থানীয়রা আরও জানায়, উত্তেজিত ছাত্র-জনতা তাদেরকে গ্রেফতার না করলে ঘটনাস্থল ছাড়বেন না বলে আল্টিমেটাম দেন। একপর্যায়ে রাত ১১টার দিকে তাদের গ্রেফতার করে যৌথবাহিনীর সদস্যরা।

উল্লেখ্য, সালাউদ্দিন মিয়াজী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ঝিনাইদহ-৩ আসনের এমপি নির্বাচিত হন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক সচিবও ছিলেন।

সূত্র : ইউএনবি

এনএইচ