দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে খুজেস্তান প্রদেশের উপ-গভর্নর এ তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের ছোড়া প্রজেক্টাইল গম সংরক্ষণের ওই স্থাপনায় আঘাত হানে। হামলার পর জরুরি সেবা ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
ওই উপ-গভর্নর বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলায় শুধু অবকাঠামোগত ক্ষতি হয়েছে। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ক্ষতির পূর্ণাঙ্গ হিসাব এখনো প্রস্তুত করা হচ্ছে।
সাম্প্রতিক সংঘাতে সামরিক স্থাপনার পাশাপাশি খাদ্য ও বেসামরিক অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ সামনে আসছে। গম সংরক্ষণ সাইলোতে হামলার এই দাবি সেই উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে।
তবে ইরানের এ দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। ফলে হামলার প্রকৃতি ও এর বিস্তারিত পরিস্থিতি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এনএইচ