দেশে ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটরি ড. মুহাম্মদ রেজাউল করিম।
আজ শুক্রবার (১৮ই এপ্রিল) কেন্দ্র ঘোষিত গণসংযোগ পক্ষ উপলক্ষ্যে রাজধানী আদাবর থানার মনসুরাবাদ এলাকা ও পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টে গণসংযোগ শেষে এক পথসভায় এসব কথা বলেন।
ড.রেজাউল করিম বলেন, জামায়াত একটি গণমুখী ও আদর্শবাদী রাজনৈতিক সংগঠন। আমরা গণমানুষের মুক্তি ও কল্যাণের জন্যই নিরলসভাবে কাজ করে যাচ্ছি। জামায়াত কুরআন-সুন্নাহর আদর্শের ভিত্তিতে দেশকে ক্ষুধা ও দারিদ্রমুক্ত কল্যাণকামী সমাজ প্রতিষ্ঠার বদ্ধপরিকর। মূলত, দেশে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত না থাকায় মানুষ আজ অধিকার বঞ্চিত। দেশে সুশাসন নেই। আর মানবরচিত জীবন বিধান দিয়ে মানুষের মুক্তি ও কল্যাণ সম্ভব নয়। তাই মানবজীবনের সকল সমস্যার সমাধান ও দেশে একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে হলে আমাদের সকলকে ইসলামের পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। আর মানুষকে সে একদফায় ঐক্য করার জন্য জামায়াত প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, আমাদের এ প্রচেষ্টা সফল হলে রাষ্ট্রই সকল মানুষের সার্বিক নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করবে। তিনি সে স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
জামায়াতের এ নেতা আরও বলেন, স্বৈরাচারি ও ফ্যাসীবাদী আওয়ামী বাকশালী সরকারের পতন হলেও তারা এখনো নানাভাবে সক্রিয় ও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা বিভিন্ন রূপ ও বেশ ধরে নতুন আঙ্গিকে ফিরে আসার চক্রান্ত চালাচ্ছে। তারা অর্জিত বিজয়কে নস্যাৎ ও বিপ্লবী সরকারকে ব্যর্থ করার জন্য গভীর চক্রান্তে মেতে উঠেছে। কিন্তু স্বাধীনচেতা ও আত্মসচেতন জনগণ তাদের এসব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে। অর্জিত বিজয়কে অর্থবহ ও টেকসই করতে বৃহত্তর জাতীয় ঐক্যের কোন বিকল্প নেই। তিনি দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন আদাবর থানা জামায়াতের আমীর আল আমিন সবুজ, নায়েবে আমীর হাসান আব্দুল্লাহ সাকিব, সহকারী সেক্রেটারি ইমরান হাসান তারিফ, মুনসুরাবাদ ওয়ার্ডের সম্মানিত সভাপতি গোলাম মোস্তফা ও পিসিকালসার ওয়ার্ড সভাপতি আবুল বাশার প্রমূখ।
এইচআর