সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে নিলোফার চৌধুরী মনি জুলাই বিপ্লবের নেতৃত্ব এবং হত্যাকাণ্ডের ধরন নিয়ে বেশ কিছু বিতর্কিত প্রশ্ন তোলেন।

নিলোফার চৌধুরী বলেন, ‘জুলাই আন্দোলনে স্নাইপার চালিয়েছিলেন কারা? অনেক কিছুই আমি বলতে চেয়েও বলতে পারি না। কারণ, অনেক কিছু বললে অনেকের কাপড়-চোপড় ঠিক থাকবে না। যারা আজ কথা বলে, তারা কখন কোথায় কীভাবে সেনাবাহিনীর সঙ্গে দেখা করে এই কাজগুলো করেছিল, তাদের কতটা ভূমিকা ছিল?’

আন্দোলনের নেতৃত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করে তিনি বলেন, ‘যাদের বলা হয় যে তারাই (আন্দোলনের) মেইন, এই আন্দোলনে কারা মেইন ছিল, কেউ জানে না। আন্দোলনে অংশ নেওয়াদের একজন আরেকজনকে চেনে নাই। পাশে হাঁটতে গেছে, আন্দোলন করতে গেছে; পাশের একজন পড়ে গেছে। মনে করছে যে নরমাল পড়েছে। আসলে সে মারা গিয়েছে। গুলিটা সামনে থেকে আসছে না পেছন থেকে আসছে, সেটাও জানে না। গুলির কোনো শব্দ হয় নাই, এটা স্নাইপারের গুলি ছিল।’

সঞ্চালক যখন প্রশ্ন করেন, ‘তার মানে এটা কি কোনো ডিজাইন ছিল বা ষড়যন্ত্র?’ জবাবে নিলোফার চৌধুরী মনি বলেন, ‘ডিজাইন তো অবশ্যই ছিল, ষড়যন্ত্র কি না আমি বলতে পারব না।’

তিনি আরও দাবি করেন, ‘কারা মারল, কেউ জানে না। সামনে কোনো পুলিশও ছিল না। পুলিশের গুলি হলে তো সামনেই হতো। হতে পারে কোনো বাসা থেকে টার্গেট করে, ওপরতলা থেকে টার্গেট করে হয়তো গুলি করা হয়েছে। আমার নিজের কাছে অনেক প্রশ্নের উত্তর নাই।’

এর আগে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে ‘গিনিপিগ’ বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন নিলোফার চৌধুরী মনি। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ওই বক্তব্য ভাইরাল হলে নেটিজেনদের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, একটি টিভি চ্যানেলের টকশোতে কথা বলছেন নিলুফার চৌধুরী। এ সময় হাদি প্রসঙ্গে তিনি বলেন, ‘হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই। আপনারা যারা ডাক্তার এখানে অনেকেই আছেন, আপনারা তেলাপোকা কাটতেন, ব্যাঙ কাটতেন, আবার সেলাই করে ছেড়ে দিতেন, চলত। বাট হাদি হয়তো সেলাই করে ছেড়ে দেওয়ার পর চলতে পারে নাই।’

এদিকে, নিলোফার চৌধুরী মনির সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘প্রিয় নিলোফার চৌধুরী মনি আপা এমপি, আপনি দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন সংগ্রামের সারথি ছিলেন। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আপনার অনবদ্য ভূমিকা রয়েছে। কিন্তু সম্প্রতি টেলিভিশন টকশোতে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে আপনার অযাচিত বক্তব্যে আমরা অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ। আপনার বক্তব্য আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম।’

নিলোফার চৌধুরী মনিকে উদ্দেশ করে ছাত্রদল সভাপতি আরও বলেন, ‘আমরা অবগত রয়েছি, আপনি জুলাইয়ের চেতনা ধারণকারী একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ। তাই জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান নিয়ে বক্তব্যে আপনি আরও বেশি সংযত ও শ্রদ্ধা প্রদর্শন করবেন, সেটাই প্রত্যাশা করি।’

এমএম