সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) আয়োজনে ১৫তম সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে। ৮ বছর পর আবার বাংলাদেশে ফিরছে এই আঞ্চলিক মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট। এর আগে ২০০৩, ২০০৯ ও ২০১৮ সালে ঢাকায় সাফের আসর বসেছিল।
সাফের ৭ সদস্য দেশই এবার অংশ নেওয়ার কথা রয়েছে। স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভুটান এই প্রতিযোগিতায় নামবে। তবে নেপালের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ফিফার নিষেধাজ্ঞায় থাকা নেপালকে রেখে ড্র হতে পারে। সাফ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগে নিষেধাজ্ঞা তুলে নিলে নেপাল অংশ নিতে পারবে।
ড্রয়ের জন্য দলগুলোকে চারটি পটে ভাগ করা হয়েছে। পট-১-এ আছে বাংলাদেশ (আয়োজক) ও ভারত। পট-২-এ মালদ্বীপ ও নেপাল। পট-৩-এ শ্রীলঙ্কা ও ভুটান। আর পট-৪-এ পাকিস্তান।
টুর্নামেন্টের লোগো ২৫ জুলাই ঢাকায় উন্মোচন করা হয়েছে। এবার ঘরের মাঠে প্রথমবারের মতো সাফে খেলার সুযোগ পেতে পারেন প্রবাসী তারকা হামজা চৌধুরী ও শামিত সোম।
নতুন কোচ থমাস ডুলির অধীনে ২৩ বছরের শিরোপা খরা কাটাতে মরিয়া বাংলাদেশ। ২০০৩ সালে প্রথম ও শেষবার সাফ শিরোপা জিতেছিল লাল-সবুজ দল।
বিকেলের ড্রয়েই জানা যাবে কোন গ্রুপে কোন দলের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই ফলাফলের।
এনএইচ