ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোরে-এর সাংবাদিক আশিক মাহমুদ। এই সময় দুষ্কৃতিকারীরা তার কাছ থেকে প্রায় তিন হাজার টাকা এবং আইফোন ছিনিয়ে নিয়েছে।
গত শুক্রবার রাতে রাজধানীর মিরপুরে এ ঘটনা ঘটে।
আশিক জানান, তিনি এখন টুয়েন্টিফোর-এর যুক্তরাজ্য প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ২৩ জানুয়ারি তিনি বাংলাদেশে দেশে আসেন।
তিনি আরও জানান, ঘটনার দিন রাতে মিরপুরে এক আত্মীয়ের বাসায় নিমন্ত্রণ খেয়ে ফেরার পথে মিরপুর গর্ভমেন্ট অফিসার্স অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সামনে তার রিকশার গতিরোধ করে দুটি মোটরসাইকেলে আসা চার ছিনতাইকারী। তারা আশিককে মারধর করে তিন হাজার টাকা এবং আইফোনটি নিয়ে নেয়।
পরে ঘটনা জানতে পেরে মিরপুর মডেল থানার একটি পেট্রল টিম তাকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে আশিক মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন আশিক।
এ বিষয়ে মিরপুর থানায় যোগাযোগ করা হলে জিডির তদন্ত কর্মকর্তা হাবিব জানান, মিরপুরের বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি থেকে মিরপুর ১ নম্বর গোল চত্বর পর্যন্ত রাস্তাটি অন্ধকার। এই সুযোগে ছিনতাইকারী এ রাস্তাটিতে নানান ধরনের অপরাধ করে থাকে।
হাবিব আরও জানান, এই ঘটনার সাথে জড়িতদের খুজে বের করতে পুলিশ কাজ করছে। একই সাথে এই ঘটনার সাথে ছিনতাই ছাড়াও অন্য কোন বিষয়ের সম্পর্ক আছে কিনা তাও তদন্ত করছে মিরপুর থানা পুলিশ।
এমএম





