অনেক প্রত্যাশা নিয়ে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তথ্য প্রযুক্তি উপদেষ্টার সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন সংবাদকর্মীরা। কিন্তু সংবাদ সম্মেলন স্থলে ঢুকতে গিয়ে নাজেহাল হয়েছেন অনেকে।

বৃহস্পাতবার সকালে আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ের ২য় তলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকদের সাথে বৈঠকে বসেন সজীব ওয়াজেদ জয়। নিচ তলায় জয়ের সংবাদ সম্মেলনের জন্য অপেক্ষা করছিলেন সংবাদকর্মীরা। হঠাৎ করে অফিসের একজন স্টাফ জানালেন সংবাদ সম্মেলন হবে উপরে। এ সময় উপস্থিত সাংবাদিকরা উপরে যান। উপরে গিয়ে প্রায় পৌনে ১ ঘন্টার মতো সাংবাদিকদের দাঁড়িয়ে থাকতে হলো দরজার সামনে।

এরপর সাংবাদিকদের ডাকা হলো ভিতরে। ভিতরে শুধু ক্যামেরাম্যানদের ঢুকতে দেয়া হল। এ সময় অনেক ক্যামেরাম্যানের সাথে তার রিপোর্টার ঢুকতে গিয়ে লাঞ্চিত হন নিরাপত্তারক্ষীদের হাতে। এসময় অনেক অনুনয়-বিনয় করে এক সাংবাদিক বলে উঠলেন ভাই আমাদের প্রিন্ট মিডিয়ার কয়েকজনকে ঢুকতে দিন । অনুরোধের পর প্রথম আলো, বাংলানিউজ ২৪.কমসহ কয়েকটি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের ভিতরে নেয়া হয়। আর বাকিদের ধাক্কদিয়ে সরিয়ে দেয়া হয়।

এ সময় উপস্থিত সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, এভাবে হলে আমরা কাজ করবো কিভাবে? আবার অনেকে বলছেন, এ পেশা ছেড়ে দিতে  হবে।

ঢাকা, এমআর, ৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেবি