পঙ্গু ও অসচ্ছল সাংবাদিকদের সহায়তায় প্রধানমন্ত্রীর তহবিলের আর্থিক অনুদানের চেক পেলেন বগুড়ার ৬ সাংবাদিক। অনুদানে প্রত্যেক সাংবাদিককে ৫০ হাজার টাকা করে দেয়া হয়েছে।
বুধবার সকালে বগুড়া প্রেসক্লাবে বগুড়া-১ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক বিতরণ করেন।
অনুদানপ্রাপ্ত সাংবাদিকরা হলেন সমুদ্র হক (দৈনিক জনকণ্ঠ), আমজাদ হোসেন মিন্টু (সকালের খবর), মাসুদুর রহমান রানা (দৈনিক করতোয়া), সামছুল আলম লিটন (দৈনিক উত্তরবার্তা), সবুল আল মামুন (এনএনবি), সাজেদুর রহমান সিজু (দৈনিক উত্তরের খবর)।
বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি এইচএম আখতারুজ্জামানের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ রেহমান, সাংবাদিক যাহেদুর রহমান যাদু, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি প্রদীপ ভট্টাচার্য শংকর ও বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়নসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংসদ সদস্য আব্দুল মান্নান বলেন, এ সরকার সাংবাদিক বান্ধব সরকার। সংবাদপত্র ও সাংবাদিকদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।
সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাঠানো এক বার্তার মাধ্যমে বগুড়া সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফ রেহমান এ তথ্য নিশ্চিত করেন।
ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





