বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের সাংবাদিক তৌহিদ হাসান চৌধুরী বান্টি রাজধানীর হাতিরঝিলের পানিতে ডুবে মারা গেছেন।
মঙ্গলবার বেলা আড়াইটার দিকে তিনি হাতিরঝিলের রেইনবো ব্রিজ থেকে পড়ে যান। ফায়ার সার্ভিসের এএসও সামছুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া হাতিরঝিল এলাকার ট্রাফিক জোনের এসি আবু ইউসুফও এ বিষয়টি নিশ্চিত করেন।
সামছুল হক জানান, বেলা আড়াইটার দিকে পথচারীদের মোবাইল ফোনে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট হাতিরঝিলে যায়। সেখানে ডুবুরি দল বান্টিকে মঙ্গলবার সোয়া ৪টার দিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাড়ে ৪টার দিকে বান্টিকে মৃত ঘোষণা করেন।
বান্টির বড়ভাই তৌফিক হাসান জানান, কিভাবে বান্টি পানিতে পড়ে গেছে তা নিশ্চিত নন তিনি। তবে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে তিনি শুনেছেন, বান্টি রেইনবো ব্রিজের রেলিং ধরে দাঁড়িয়ে ছিলেন। এমন সময় তিনি পানিতে পড়ে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
তিনি আরো জানান, বান্টি এটিএন নিউজে ফ্রন্ট ডেস্কে কাজ করতেন। তিনি নিউ ইস্কাটনের দিলু রোডে পরিবারের সঙ্গে থাকতেন।
কোনো অভিযোগ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে এখনি কিছু বলা যাবে না। আগে জানি কি হয়েছিল। এরপর বলা যাবে।
এ বিষয়ে রমনা থানার এসআই নগেন চন্দ্র রায় জানান, হাতিরঝিলের পানিতে পড়ে এক সাংবাদিকের মৃত্যুর খবর পেয়েছি। বিস্তারিত জানতে লাশের ময়নাতদন্ত করতে হবে। এছাড়া ওই এলাকায় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে বক্তব্য নেওয়ার জন্য পুলিশ পাঠানো হয়েছে।
এমএম





