ফেসবুক এফবি নিউজওয়ার নামে সাংবাদিকদের জন্য নতুন একটি সেবা চালু করতে যাচ্ছে। এই সেবার মাধ্যমে সাংবাদিকরা দ্রুত খবর জানতে পারবেন। একই সঙ্গে খবর সম্পর্কিত ছবি এবং ভিডিও সংগ্রহ করতে পারবেন।
এ নিয়ে নিউজ করপোরেশন পরিচালিত সামাজিক সংবাদ সংস্থা স্টোরিফুলের সঙ্গে চুক্তি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ব্রিটেনের দ্য গার্ডিয়ান অনলাইন এ খবর জানায়।
নিউজ করপোরেশন আশা করছে, এফবি নিউজওয়ার সাংবাদিকদের অনেকটাই কাজে লাগবে এবং এর মাধ্যমে দ্রুত তারা ঘটনার খবর পাবেন। সেগুলো যাচাই করতে ও অন্যের সঙ্গে শেয়ার করতে পারবেন।
সারা বিশ্বে এক বিলিয়ন লোক ফেসবুক ব্যবহার করেন। দেখা গেছে, ফেসবুকের মাধ্যমে ব্যবহারকারীরা অনেক খবর শেয়ার করেন। নিউজওয়ার প্রাতিষ্ঠানিকভাবে সাংবাদিকদের আরও তথ্যসমৃদ্ধ করতে কাজ করবে।
২০১০ সালে স্টোরিফুল প্রতিষ্ঠিত হয়। এটি আয়ারল্যান্ডের ডাবলিনভিত্তিক একটি সামাজিক সংবাদ সংস্থা। স্টোরিফুলের ব্যবস্থাপনা পরিচালক অ্যানি কার বলেন, স্টোরিফুল দ্রুত নতুন খবর জানাতে পারে।
নিউজ করপোরেশনের প্রধান নির্বাহী রবার্ট থমসন বলেন, স্টোরিফুল সাংবাদিকদের ভিডিও থেকে শুরু করে নিউজ সংক্রান্ত বিভিন্ন তথ্য দেবে।
[b]ঢাকা, ২৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]