বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের বিরুদ্ধে বাসে পেট্রল বোমা হামলার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ।

গতকাল শনিবার রাজধানীর যাত্রাবাড়ি থানায় এসআই নুরুজ্জামান বাদী হয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সাংবাদিক নেতা শওকত মাহমুদসহ ৫০ জনের বিরুদ্ধে উদ্দেশ্যমূলক ভাবে এ মামলা দায়ের করেন বলে সাংবাদিক নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে রোববার বিএফইউজের মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এক যুক্ত বিবৃতিতে বাসে পেট্রল বোমা হামলা মামলায় সাংবাদিক নেতা শওকত মাহমুদকে জড়ানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

নেতৃবৃন্দ বলেন, প্রকৃত দোষীদের সঙ্গে সাংবাদিক নেতা শওকত মাহমুদকে উদ্দেশ্য মূলকভাবে জড়ানো হয়েছে। খ্যাতিমান টিভি টক শোসহ শওকত মাহমুদ সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার ন্যায় বিচার, গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা এবং সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে সব সময় সোচ্চার। তার উচ্চকণ্ঠকে স্তব্ধ করার জন্যই পরিকল্পিত ভাবে মিথ্যে মামলায় জড়ানো হয়েছে।

সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে এ ষড়যন্ত্র মূলক মামলা থেকে শওকত মাহমুদের নাম প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় সাংবাদিক সমাজ এই নিয়ে দেশজুড়ে আন্দেলনে নামতে বাধ্য হবেন বলে বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

একে