নিখোঁজ ফটো সাংবাদিক ও ‘পক্ষকাল ম্যাগাজিনে’র সম্পাদক শফিকুল ইসলাম কাজলকে সুস্থ অবস্থায় ফেরত চায় তার পরিবার।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি জানান তার ছেলে মনোরম পলক।

মনোরম পলক বলেন, “আমার বাবা গত ১০ মার্চ দুপুর ৩টায় বাসা থেকে বের হন। এরপর থেকে তার সঙ্গে আর কোনও যোগাযোগ হয়নি আমাদের। বাবার সঙ্গে তার এক সহকর্মী মুজাহিদদের সর্বশেষ দেখা হয় সন্ধ্যা ৬টা ৪০মিনিটের দিকে, হাতিরপুল বাজারে।”

তিনি আরও বলেন, “রাত ১১টা পর্যন্ত অপেক্ষার পরও যখন তিনি বাসায় ফেরেননি, তখন আমরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করি। ওই সময় থেকে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন নম্বরও বন্ধ পাই।”

কাজলের ছেলে বলেন, “আমাদের জানা মতে, বাবাকে কেউ কখনও হুমকি দেয়নি। কিন্তু তিনি কী কারণে এখনও নিখোঁজ বুঝতে পারছি না। তিনি আমাদের ছাড়া রাতে কখনও কোথাও থাকেন নি।”

বাবাকে খুঁজে না পেয়ে ১১ মার্চ বিকালে চকবাজার থানায় আমরা জিডি করেছি বলেও জানান মনোরম পলক।

নিখোঁজ শফিকুল ইসলাম কাজলের স্ত্রী জুলিয়া ফেরদৌসী বলেন, “আমি প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি- আমার স্বামীকে যেন সুস্থ অবস্থায় ফেরত দেওয়া হয়। বর্তমান প্রযুক্তির যুগে তাকে খুঁজে বের করা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে কোনও বিষয় না।”

উল্লেখ্য, গত ৯ মার্চ শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন মাগুরা-১ আসনে সরকার দলীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। ওই মামলায় শফিকুল ইসলাম কাজলকে তিন নম্বর আসামি করা হয়।

এমবি