জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ব্যবস্থাপনা সম্পাদক নিয়োগের অভিযোগে অবস্থান ধর্মঘট করছে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাসসের কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার দুপুর ২টা ২০ মিনিট থেকে বাসস অ্যাপ্লয়িজ ইউনিয়নের সদস্যরা ব্যবস্থাপনা সম্পাদকের কক্ষের সামনে এই অবস্থান ধর্মঘট শুরু করেন।
ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী খান বলেন, “ব্যবস্থাপনা সম্পাদক পদে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে মনোজ কান্তি রায়কে নিয়োগ দেয়া হয়েছে। আমরা এর প্রতিবাদে অবস্থান ধর্মঘট করছি।”
বাসস কর্মীরা জানান, দুপুরে ধর্মঘট শুরুর পর প্রায় ঘণ্টাখানেক সংবাদ সংস্থা হিসাবে বাসসের সেবাও বন্ধ থাকে।
অবশ্য মোহাম্মদ আলী খান বলছেন, বেলা ২টার পর থেকে সাড়ে ৩টা পর্যন্ত বিদ্যুৎ না থাকায় সেবা বন্ধ থাকে। তবে সংস্থার জেনারেল (প্রশাসন, বিপণন, অর্থ ও আইটি ) শাখার কর্মীরা কাজ বন্ধ রেখে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন বলেও জানান তিনি।
বাসসের বাংলা ওয়েবসাইটে দেখা যায়, বিকাল সাড়ে ৪টা পর্যন্ত তারা মাত্র তিনটি সংবাদ প্রকাশ করেছে, যার মধ্যে সর্বশেষ সংবাদটি প্রকাশের সময় দেখানো হয়েছে বেলা ১২টা ৩৪ মিনিট।
বাসসের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ মঙ্গলবার সকালে সংস্থার বিশেষ প্রতিনিধি মনোজ কান্তি রায়কে ব্যবস্থাপনা সম্পাদক নিয়োগ দেন।
ওই নিয়োগের আদেশ নোটিস আকারে প্রকাশের পরপরই কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে তারা প্রধান সম্পাদকের কক্ষও ঘেরাও করেন। তবে ওই সময়ে প্রধান সম্পাদক তার কক্ষে ছিলেন না।
ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





