রোববার বিচারপতি শশাঙ্ক কুমার সরকার ও বিচারপতি ফয়সল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রায়ে আদালত বলেন, সংবিধানের ১১২ অনুচ্ছেদ অনুযায়ী দেশের সব নির্বাহী ও বিচারিক কর্তৃপক্ষ সুপ্রিম কোর্টের রায় ও আদেশ কার্যকর করতে বাধ্য। কোনো রায়ে সংক্ষুব্ধ হলে সংশ্লিষ্ট পক্ষের আপিল বা অন্য আইনানুগ প্রতিকার নেওয়ার সুযোগ রয়েছে। তবে রায়ের বিরুদ্ধে হরতাল, ধর্মঘট বা কর্মবিরতির মতো কর্মসূচি পালন আইনসম্মত নয়।
আদালত আরও বলেন, বিচারিক সিদ্ধান্তের বিরুদ্ধে এ ধরনের কর্মসূচি শুধু বিচার বিভাগের প্রতি অসম্মান প্রদর্শন করে না, বরং তা সংবিধানের সঙ্গেও সাংঘর্ষিক।
রায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে কোনো হরতাল কিংবা ধর্মঘট আহ্বান করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২০১১ সালের আগস্টে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ‘ডিলাক্স পরিবহন’-এর একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ, সাংবাদিক ও সম্প্রচারক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।
এ ঘটনায় দায়ের করা মামলায় বাসচালকের বিচার শেষে ২০১৭ সালের ২২ ফেব্রুয়ারি মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত সাজা দেন। ওই সাজাকে কেন্দ্র করে বাস মালিকেরা পরিবহন ধর্মঘট ও হরতাল ডাকেন।
ঘটনাটি গণমাধ্যমে প্রকাশের পর জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) হাইকোর্টে রিট করে।
রিটের শুনানি শেষে ২০১৭ সালের ১ মার্চ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ রুল জারির পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে ধর্মঘট ও হরতাল প্রত্যাহার করে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ দেন। পরে আদালতের নির্দেশে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
দীর্ঘ শুনানি শেষে বিচারপতি শশাঙ্ক কুমার সরকার ও বিচারপতি ফয়সল হাসান আরিফের বেঞ্চ রুলটি অ্যাবসোলিউট ঘোষণা করে এ রায় দেন।
এস
