এনটিভির চেয়ারম্যান ও অ্যাসোসিয়েশন অব টিভি চ্যানেল (অ্যাটকো’র) সভাপতি এবং সাবেক এমপি মোসাদ্দেক আলী ফালুকে গ্রেফতার ও রিমাণ্ডে নেয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিক নেতারা।

একই সঙ্গে অবিলম্বে মোসাদ্দেক আলী ফালুর নাম এ মামলা থেকে প্রত্যাহার করে, তার মুক্তির দাবি জানান তারা।

সোমবার পৃথক বিজ্ঞপ্তিতে জাতীয় প্রেস ক্লাব সভাপতি কামাল উদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদ, মহাসচিব এমএ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়েনের সভাপতি আবদুল হাই শিকদার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান ফালুর মক্তি দাবি করেন।

সাংবাদিক নেতারা বলেন, গত ১ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপাসনের গুলশানের অফিস থেকে বের হওয়ার সময় ডিবি পুলিশ মোসাদ্দেক আলী ফালুকে আটক করে। একদিন পর সোমবার তাকে গাড়ি পোড়ানো ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার দেখায় এবং আদালতে হাজির করে ৫দিনের নেয় পুলিশ।

সাংবাদিক নেতারা ফালুকে গ্রেফতারের এ ঘটনাটি উদ্দেশ্যমূলক বলেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের গ্রেফতার না করে মোসাদ্দেক আলীর মত গণমাধ্যমের একজন কর্ণধারকে অগ্নিসংযোগ ও গাড়ি পোড়ানোর মামলায় জড়িয়েছে। এতে প্রকৃত দোষীরা আড়াল হওয়ার সুযোগ পাবে বলে মনে করেন সাংবাদিক নেতারা।

বিবৃতিতে প্রেস ক্লাব নেতারা ইংরেজি দৈনিক নিউ এজ’র ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার নাজমুল হুদা মামুন ও তার সহপাঠী ঢাবি ছাত্র খায়রুজ্জামান শুভ’র উপর পুলিশি নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান। সেই সঙ্গে এ হামলার ঘটনায় জড়িত পুলিশ সদস্যদেরও শাস্তির দাবি জানান সাংবাদিক নেতারা।
একে