অনলাইন নিউজ পোর্টাল পূর্বপশ্চিমবিডি.নিউজের সিনিয়র রিপোর্টার উৎপল দাস ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে তার পরিবার ও স্বজনরা।
১০ অক্টোবর রাজধানীর মতিঝিলের অফিস থেকে বের হওয়ার পর তার খোঁজ পাওয়া যাচ্ছে না। ওই দিন থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।
এ ঘটনায় রোববার মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পূর্বপশ্চিম কর্তৃপক্ষ।
নরসিংদীর রায়পুরা উপজেলার থানাহাটি এলাকার চিত্ত দাসের ছেলে উৎপল (২৯) রাজধানীর ফকিরেরপুল এক নম্বর গলিতে ভাড়া বাসায় থাকতেন।
পূর্বপশ্চিমের সম্পাদক খুজিস্তা নূর-ই-নাহারিন জানান, ১০ অক্টোবর বেলা ১টার দিকে কাজ শেষে অফিস থেকে বের হন উৎপল। এরপর থেকে তিনি নিখোঁজ। তার ব্যবহৃত দুটি মোবাইল ফোনই বন্ধ পাওয়া যাচ্ছে।
পরিবার, সহকর্মী ও বন্ধুবান্ধবের কাছে অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় তার স্বজন ও সহকর্মীরা উদ্বিগ্ন।
মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রব্বানি জানান, সাংবাদিক উৎপল দাসের খোঁজে পুলিশ কাজ শুরু করেছে। এ ক্ষেত্রে তথ্য-প্রযুক্তির সহায়তা নেয়া হচ্ছে।
জারিফ





