ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্‌ফুজ আনামের বিরুদ্ধে বুধবার আরও সাতটি মামলা হয়েছে। চাঁদপুর, গাজীপুর, মানিকগঞ্জ, কুমিল্লা ও ময়মনসিংহে এসব মামলা হয়।

এর মধ্যে ময়মনসিংহে করা তিনটি মামলার মধ্যে দুটি রাষ্ট্রদ্রোহের অভিযোগে। বাকি মামলাগুলো মানহানির অভিযোগে করা।

এ নিয়ে মাহ্‌ফুজ আনামের বিরুদ্ধে নয় দিনে মোট ৬২টি মামলা হলো। তাঁর বিরুদ্ধে গতকাল মঙ্গলবার ২০টি, সোমবার ১৭টি ও রোববার ১৩টি মামলা হয়।

এর আগে ৯ ও ১১ ফেব্রুয়ারি হয়েছিল পাঁচটি মামলা। সব মামলাই হয়েছে হাকিম আদালতে। প্রায় সব মামলার বাদীই ক্ষমতাসীন আওয়ামী লীগ, এর অঙ্গ-সহযোগী ও সমমনা সংগঠনের নেতা-কর্মী, আইনজীবী।

আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর—

চাঁদপুর: জেলার হাইমচর ডিভিশনাল বিচারিক হাকিম নূসরাত জাহান উর্মির আদালতে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন উপজেলার নয়ানী লক্ষ্মীপুর গ্রামের হাবীব শেখ। বিচারক মামলাটি আমলে নিয়ে জেলা তথ্য কর্মকর্তাকে তদন্ত করে আগামী ৩১ মার্চ প্রতিবেদন দিতে বলেছেন।

গাজীপুর: জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২-এ পাঁচ কোটি টাকার মানহানির মামলা করেন গাজীপুর জজ কোর্টের আইনজীবী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আমানত হোসেন খান। আদালত মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারির আদেশ দেন।

মানিকগঞ্জ: জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আবদুল হাইয়ের আদালতে মানহানির মামলাটি করেন জেলার শিবালয় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোরঞ্জন শীল নকুল। বাদীর আইনজীবী শাখাওয়াত হোসাইন খান বলেন, বিচারক এ ব্যাপারে সদর থানার ওসিকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

কুমিল্লা: জ্যেষ্ঠ বিচারিক হাকিম সুভ্রা চক্রবর্তীর আদালতে মানহানির মামলা করেন কুমিল্লার মেঘনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আল আমিন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ২৮ মার্চ জেলা তথ্য কর্মকর্তাকে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

ময়মনসিংহ: ডেইলি স্টার সম্পাদকের বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে ময়মনসিংহে পৃথক তিনটি মামলা হয়েছে।

মানহানির অভিযোগে ৪ নম্বর আমলি আদালতে একটি মামলা করেন জেলা আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক জসিম উদ্দিন আহমেদ। বিচারক রফিকুল বারী মামলাটি আমলে নিয়ে গৌরীপুর থানার ওসিকে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার নিদের্শ দেন।

একই সময়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে পৃথক দুটি মামলা করে করেন জেলা আওয়ামী লীগ সদস্য ও আইনজীবী মোয়াজ্জেম হোসেন এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আইনজীবী নুরুজ্জামান খোকন।

বিচারক আহসান হাবীব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে মামলাটির অভিযোগের বিষয়ে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসিকে নির্দেশ দেন।

মানহানির মামলাগুলোর এজাহারের ভাষা অনেকটা এমন, ১/১১-এর সময় আওয়ামী লীগ সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে ডেইলি স্টার পত্রিকায় ইচ্ছাকৃতভাবে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশ করেছিলেন সম্পাদক মাহ্‌ফুজ আনাম। এতে রাজনৈতিক দল আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মান ক্ষুণ্ন হয়েছে।

কেবি