বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারকে নিয়ে কটূক্তির অভিযোগে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে মানহানি ও রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছে।
আজ (মঙ্গলবার) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাড. ইয়াসমিন সুলতানা রুমা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত ‘ক’ অঞ্চল-এ মামলা দায়ের করেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শরিফুল ইসলাম এফআইআর হিসেবে গ্রহন করার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানাকে নির্দেশ দেন।
মামলার আইনজীবী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান জানান, ১ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে মাহমুদুর রহমান বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারকে নিয়ে কটূক্তি করে মানহানিকর বক্তব্য দেন।
সেই বক্তব্যে তিনি বঙ্গবন্ধুর পরিবার সম্পর্কে মিথ্যাচার, কটূক্তি এবং মাতৃভূমি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অস্বীকার করে বাংলাদেশকে ভারতের কলোনী বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন- ‘বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র নয়। যা রাষ্ট্রদ্রোহ অপরাধের সামিল। পাশাপাশি তার ওই বক্তব্যে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর মানহানি হয়েছে।
এমবি





