ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের শাস্তির দাবি করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ছাত্রলীগ নামধারী গুটিকয়েক সন্ত্রাসীর হাতে সারাদেশের শিক্ষাঙ্গন জিম্মি হয়ে পড়েছে। শিক্ষক-শিক্ষার্থী থেকে কর্মকর্তা-কর্মচারী পর্যন্ত সকলেই তাদের অপকর্মের শিকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের উপর হামলায় তাদের সেই জঘন্য মনোবৃত্তির পুনঃপ্রকাশ ঘটেছে। এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

ছাত্রলীগের উদ্দেশ্যে বিবৃতিতে বলা হয়, সংগঠনের নাম ভাঙ্গিয়ে যারা এসব অপতৎপরতা করছেন তাদেরকে চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় ছাত্রলীগও এ অপকর্মের দায়ভার এড়াতে পারবে না।

গত সোমবার সূর্যসেন হলে ছাত্রলীগ নামধারীদের হামলায় সাত সাংবাদিক আহত হন।

ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ